পাবনায় দুর্বৃত্তের গুলিতে শ্রমিক লীগ ও শ্রমিক দলের ২ নেতা নিহত

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ০২:৪৬ , অনলাইন ভার্সন
পাবনা সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নের পুষ্পপাড়া বাজারে দুর্বৃত্তদের গুলিতে এক হাটের ইজারাদার ও তার সহযোগী নিহত হয়েছেন। নিহত দুজনের মধ্যে একজন কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগ নেতা এবং অন্যজন শ্রমিক দলের নেতা।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুষ্পপাড়া বাজারে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত প্রদীপ কুমার সাহা।

নিহতরা হলেন পুষ্পপাড়া এলাকার ধর্মগ্রামের আরজ আলীর ছেলে আব্দুস সালাম (৫৪)। তিনি আতাইকুলা থানা শ্রমিক লীগের আহ্বায়ক এবং পুষ্পপাড়া বাজারের ইজারাদার ছিলেন। অপরজন একই গ্রামের ওমেদ আলী মেম্বারের ছেলে রিপন হোসেন (৪০)। তিনি আতাইকুলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ছিলেন।

পাবনা সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল রিপন হোসেনের পরিচয় নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পুষ্পপাড়া বাজারে আব্দুস সালামের একটি ব্যবসায়িক কার্যালয় রয়েছে। হাটের বেচাকেনা শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় ওই কার্যালয়ে বসে টাকা-পয়সার হিসাব করছিলেন সালাম ও রিপন। এ সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৫ থেকে ৭ জনের একটি দল সেখানে গিয়ে তাঁদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পরে হামলাকারীরা পালিয়ে যায়।

গুলিবিদ্ধ সালাম ও রিপনকে স্থানীয়রা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের দুজনকেই মৃত ঘোষণা করেন।

আতাইকুলা থানার ওসি (তদন্ত) প্রদীপ কুমার সাহা বলেন, ৫ থেকে ৭ জনের একটি দল গুলি করতে করতে সালামের কার্যালয়ে ঢোকে। পরে তারা পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।

এদিকে হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার পর পুষ্পপাড়া হাট ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে হাটের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল অভিযান শুরু করেছে।

ঠিকানা/এনআই
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]