আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে গুরুত্ব রাষ্ট্রপতির

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ১৬:৩৭ , অনলাইন ভার্সন
রাষ্ট্রপতি ও সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে দক্ষ জনশক্তি তৈরি ও একাধিক ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর কারিকুলাম প্রস্তুত করতে হবে। ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) সকালে বঙ্গভবনে আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. গোলাম রহমান এবং গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পৃথক দুটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

সাক্ষাৎকালে প্রতিনিধিগণ নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের কর্মমুখী শিক্ষা, সিলেবাস ও সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) প্রতিনিধিদল জানান, বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-২ (এসডিজি-২: ক্ষুধামুক্তি বা ‘জিরো হাঙ্গার’) অর্জনে আন্তর্জাতিক পর্যায়ে ৫৭তম স্থান লাভ করেছে। এ সাফল্যের কথা শুনে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন।

আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. আশরাফুল হক জানান, তাদের শিক্ষার্থীরা দেশে ও আন্তর্জাতিক শ্রমবাজারে সুনামের সঙ্গে নিজেদের অবস্থান করে নিচ্ছেন। বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় বিশেষ অবদান রাখায় রাষ্ট্রপতি আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশংসা করেন।

আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিগণ প্রস্তাবিত সমাবর্তন অনুষ্ঠানে আচার্য (চ্যান্সেলর) হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমন্ত্রণ গ্রহণ করে সমাবর্তনে উপস্থিত থাকার বিষয়ে আশ্বস্ত করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ এবং বিশ্ববিদ্যালয় দুটির উপ-উপাচার্য, রেজিস্ট্রার ও ট্রেজারারগণ উপস্থিত ছিলেন।

ঠিকানা/এএস 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]