ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ০০:০১ , অনলাইন ভার্সন
ইসরায়েলের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। ৮৪ দশমিক ৫ শতাংশ ভোট গণনার পরও পার্লামেন্ট নেসেটে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার মতো আসন নিশ্চিত করতে পারেনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট। এমন পরিস্থিতিতে নেতানিয়াহু সরকারকে ক্ষমতাচ্যুত করতে বিরোধী জোটের সঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছে আরব দলগুলোর জোট ‘জয়েন্ট লিস্ট’। এতে দেশটির পরবর্তী সরকার গঠন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

বার্তা সংস্থা আনাদোলুকে দেওয়া এক লিখিত বিবৃতিতে জয়েন্ট লিস্টের প্রধান ও নেসেট সদস্য আহমাদ তিবি জানিয়েছেন, নেতানিয়াহু ও ইতামার বেন-গভিরের সরকারকে ক্ষমতাচ্যুত করতে তারা বিরোধী দলগুলোর ‘পরিবর্তন ব্লকের’ সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত। এ প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ হিসেবে নেসেটের স্পিকার আমির ওহানাকে অপসারণের উদ্যোগ নেওয়া হতে পারে বলেও জানান তিনি।

নেতানিয়াহু সরকারকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্যে বিরোধী দলগুলো মিলে পরিবর্তন ব্লক গঠন করেছে। এই জোটে রয়েছে দেশটির সাবেক সামরিক প্রধান গাদি আইজেনকোটের ‘ইয়াশার’, ইয়ার লাপিদের ‘ইয়েশ আতিদ’, ইয়ার গোলানের ‘ডেমোক্র্যাটস’, নাফতালি বেনেটের ‘বেইয়াহাদ’ এবং অবিগদোর লিবারম্যানের ‘ইসরায়েল বেইতেনু’।

বিবৃতিতে আহমাদ তিবি বলেন, নির্বাচনে আরব নাগরিকদের ব্যাপক অংশগ্রহণ জয়েন্ট লিস্টের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক। ঐক্যের আহ্বানে সাড়া দিয়ে আরব ভোটাররা প্রমাণ করেছেন, ইসরায়েলে রাজনৈতিক পরিবর্তন আনতে জয়েন্ট লিস্ট একটি গুরুত্বপূর্ণ শক্তি। তাদের বাদ দিয়ে দেশটির রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনা কঠিন।

মধ্য ইসরায়েলের তাইবে শহরে সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তব্যেও ভোটের পরিবেশ নিয়ে অভিযোগ করেন তিবি। ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা এবং নানা ধরনের বাধা সৃষ্টির মাধ্যমে ভোটাধিকার প্রয়োগে প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা হয়েছিল। তবে এসব বাধা সত্ত্বেও আরব ভোটাররা জোরালোভাবে নিজেদের অবস্থান তুলে ধরেছেন।

বেন-গভিরকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদে থাকতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিবি। বেন-গভিরের বিদায়ের সময় ঘনিয়ে এসেছে।

ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ৮৪ দশমিক ৫ শতাংশ ভোট গণনার পর ১২০ আসনের নেসেটে নেতানিয়াহুর জোট ৫৪টি আসন পেতে পারে। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের চেয়ে যা সাতটি কম। অন্যদিকে দ্য টাইমস অব ইসরায়েল–এর প্রতিবেদনে দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বরাতে বলা হয়েছে, গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী ব্লক ৪৯টি আসন পেতে পারে।

একই হিসাব অনুযায়ী, প্রধানত আরব দলগুলো মোট ১৭টি আসন পেতে যাচ্ছে। এর মধ্যে আহমাদ তিবির জয়েন্ট লিস্টের সম্ভাব্য আসন ১১টি এবং ইউনাইটেড আরব লিস্টের (রাম) ছয়টি।

এই আসনসংখ্যা চূড়ান্ত হলে সরকার গঠনের সমীকরণে আরব দলগুলোর সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ফলে নেতানিয়াহুর জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হলে ইসরায়েলের পরবর্তী সরকার গঠনে জয়েন্ট লিস্টসহ আরব দলগুলোর অবস্থান নির্ধারক ভূমিকা রাখতে পারে। সূত্র : আনাদোলু এজেন্সি, দ্য টাইমস অব ইসরায়েল

ঠিকানা/এনআই
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]