আদালতের নির্দেশে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিত

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ০২:৪৮ , অনলাইন ভার্সন
নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ সংগঠন বাংলাদেশ সোসাইটির বহুল আলোচিত নির্বাচন আদালতের নির্দেশে স্থগিত হয়ে গেছে। ২৩ অক্টোবর শুক্রবার নিউইয়র্কের সাটিফিন বুলেভার্ডে অবস্থিত কুইন্স সুপ্রিম কোর্ট থেকে এ নির্দেশ আসে। এদিন বেলা ১২টায় আদালতে শুনানি অনুষ্ঠিত হয়। পরে বিকাল সাড়ে ৫টায় বিচারক স্থগিতাদেশ দেন।
আগামী ২৫ অক্টোবর রোববার বাংলাদেশ সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আদালত পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আগামী ৫ নভেম্বর। 
এদিকেম নির্বাচন অনুষ্ঠানের ৪৮ ঘণ্টারও কম সময় আগে আকস্মিক এ স্থগিতাদেশে প্রার্থী, সমর্থক ও সাধারণ ভোটারদের মধ্যে হতাশা ও অনিশ্চয়তা দেখা দিয়েছে। দীর্ঘদিনের প্রস্তুতি, প্রচার-প্রচারণা এবং নির্বাচনী ব্যস্ততার পর শেষ মুহূর্তে এমন সিদ্ধান্তে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। 
বাংলাদেশ সোসাইটির প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের ঠিকানাকে জানান, নির্বাচন স্থগিতের বিষয়ে নির্বাচন কমিশন সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য জানাবে।তবে কী অভিযোগের ভিত্তিতে আদালত নির্বাচন স্থগিতের নির্দেশ দিয়েছেন এবং পরবর্তী শুনানি পর্যন্ত কী ধরনের আইনি প্রক্রিয়া চলবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।নির্বাচন ঘিরে আইনি জটিলতা এবারই প্রথম নয়।
এর আগে ২০১৮ সালেও বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে আদালতে মামলা হয়েছিল। সে সময় সংগঠনের সাবেক কর্মকর্তা ওসমান চৌধুরী ভোটার তালিকা, নির্বাচন পরিচালনা ও ভোটগ্রহণের নিয়মকানুন নিয়ে অনিয়মের অভিযোগ তুলে কুইন্স কাউন্টি আদালতের শরণাপন্ন হন। আদালত তখন সোসাইটি কর্তৃপক্ষকে অভিযোগের জবাব দিতে ২০ দিনের সময় দিয়েছিলেন।একই বছরের অক্টোবরে আরও কয়েকজন সদস্য পৃথক মামলা করেন। পরবর্তী সময়ে আইনি জটিলতার কারণে সে বছরের নির্বাচনও স্থগিত হয়ে যায়।
আট বছর পর আবারও নির্বাচনের ঠিক আগমুহূর্তে আদালতের হস্তক্ষেপে ভোট স্থগিত হওয়ায় বাংলাদেশ সোসাইটির নির্বাচনব্যবস্থা ও সাংগঠনিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। 
এখন সবার নজর আগামী ৫ নভেম্বরের শুনানি এবং নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক বক্তব্যের দিকে। আদালতের পরবর্তী সিদ্ধান্তের ওপরই নির্ভর করবে বহুল প্রতীক্ষিত এ নির্বাচন কবে অনুষ্ঠিত হতে পারবে।
এদিকে, নির্বাচন কমিশনার মিয়া মোহাম্মদ দুলাল ঠিকানাকে জানান, ২৩ অক্টোবর শুক্রবার রাত ৮টায় বাংলাদেশ সোসাইটির কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছে নির্ব্চন কমিশন। সংবাদ সম্মেলনে আদালতের নির্দেশ এবং পরবর্তী করণীয় বিষয় তুলে ধরা হবে। 

ঠিকানা শ/ই

Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]