ইতালিতে ১২ দফা ভূকম্পন, সুনামি সতর্কতা জারি

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ০০:৩৭ , অনলাইন ভার্সন
ভূমধ্যসাগরীয় উপকূলে একের পর এক ভূকম্পন অনুভূত হওয়ার পর ইতালিতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে ইতালির সিসিলি দ্বীপের কাছে সর্বোচ্চ ৫ মাত্রার ১২টি ভূকম্পন রেকর্ড করা হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পালার্মো ও মেসিনা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের সরিয়ে নেওয়া হয়েছে। খবর দ্য ইন্ডিপেন্ডেন্ট ইউকের।

প্রতিবেদনে বলা হয়েছে, উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে এবং সমুদ্রের কাছাকাছি চলাচলে সাবধানতা অবলম্বন করতে কমলা স্তরের সুনামি সতর্কতা জারি করা হয়। এ সময় শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ ছেড়ে বেরিয়ে আসে এবং সরকারি দপ্তরগুলোও খালি করা হয়।

দ্বীপের পশ্চিম উপকূলের ত্রাপানি শহরে একটি আদালত ভবন খালি করা হয়েছে। সিসিলি ও মূল ইতালির মধ্যবর্তী দ্বীপ লিপারিতেও শিক্ষার্থী ও পৌরসভার কর্মীরা বিভিন্ন ভবন ছেড়ে বেরিয়ে আসেন।

ভূমিকম্পগুলোর উৎপত্তিস্থল সিসিলির উত্তর উপকূলের পালার্মো শহর থেকে ৬০ মাইলেরও কম দূরে। দ্বীপটির প্রধান শহর পালার্মোর জনসংখ্যা প্রায় ৬ লাখ ৪৮ হাজার ২৬০।

পালার্মো, পাত্তি, লিকাটা, কাপো দ্যোরলান্দো ও কাম্পোফেলিচে দি রোক্কেলা শহরের বাসিন্দারা ভূকম্পন অনুভব করার কথা জানিয়েছেন। উৎপত্তিস্থল থেকে প্রায় ১৮০ কিলোমিটার দূরে লিকাটা শহরের অবস্থান।

কর্মকর্তারা জানিয়েছেন, ১২টি ভূকম্পনের মধ্যে বাকি ১১টির মাত্রাও ৩-এর বেশি ছিল। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) স্থানীয় সময় সকাল ১০টা ১৯ মিনিটে দ্বীপটির উত্তরে ১০ কিলোমিটার গভীরে ৫ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করেছে। সূত্র : দ্য ইন্ডিপেন্ডেন্ট ইউকে

ঠিকানা/এনআই
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]