ফরিদপুরে ট্রাকের নিচে প্রাইভেটকার-ইজিবাইক, মা-ছেলেসহ নিহত ৩

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ০০:১০ , অনলাইন ভার্সন
ফরিদপুরে বালুবাহী ট্রাক উল্টে প্রাইভেটকার ও ইজিবাইক চাপা পড়ার ঘটনায় মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কানাইপুর ইউনিয়নের তেঁতুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন নিহত নারীর স্বামী।

নিহতরা হলেন মাগুরার মহম্মদপুর উপজেলার আলোকদিয়া গ্রামের সুমি বেগম (৩২), তার সাত বছর বয়সী ছেলে শাওন এবং ইজিবাইকচালক বোয়ালমারী উপজেলার হাসান (৩০)। সুমির স্বামী পলাশ (৩৮) গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম দুর্ঘটনা ও প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদপুর শহর থেকে একটি বালুবাহী ট্রাক কানাইপুরের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয়। এ সময় ট্রাকের চাকা বিস্ফোরিত হলে সেটি মহাসড়কের ওপর উল্টে যায়। এতে সামনে থেকে আসা একটি প্রাইভেটকার ও ব্যাটারিচালিত ইজিবাইক ট্রাকটির নিচে চাপা পড়ে।

ট্রাকের নিচে চাপা পড়ে প্রাইভেটকারটির একাংশ দুমড়েমুচড়ে যায়। অন্যদিকে ইজিবাইকটি বালু ও ট্রাকের নিচে পুরোপুরি চাপা পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। বালু সরিয়ে ইজিবাইক থেকে আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়। পরে ক্রেনের সাহায্যে ট্রাক সরিয়ে প্রাইভেটকার থেকে আরও একজনকে উদ্ধার করা হয়। তাদের দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত পলাশের চিকিৎসা চলছে।

ঠিকানা/এনআই
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]