হেবরনে গোলাগুলিতে নিহত ২ ইসরায়েলি সেনা

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬, ২০:৩৯ , অনলাইন ভার্সন
অধিকৃত পশ্চিম তীরে দুই ‘সন্দেহভাজন’ ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসির।

ইসরায়েলি বাহিনীর কর্মকর্তারা জানান, বন্দুকধারীরা গুলিতে প্রাথমিকভাবে ৫ ইসরায়েলি সেনা আহত হন। তাদের মধ্যে দুজন মারা গেছেন। হেবরন শহরের প্রবেশমুখে অবস্থিত ইসরায়েলের একটি সামরিক চেকপোস্টে এ ঘটনা ঘটে।

এর জবাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, শুক্রবার (২৩ অক্টোবর) থেকে পুরো পশ্চিম তীরে একটি ‘পূর্ণাঙ্গ লকডাউনের’ প্রস্তুতি নিতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি।

বিবিসি কর্তৃক যাচাইকৃত ভিডিও ফুটেজে দেখা গেছে, সেনা ও বন্দুকধারীদের মধ্যে তীব্র গোলাগুলি চলছে। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, প্রায় ৩০ মিনিট ধরে গোলাগুলি চলে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা হামলাকারীদের গাড়ি থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে। তাদের ধারণা, বন্দুকধারীদের পরিকল্পনা ছিল নিকটবর্তী ‘রুট ৩৫’-এ আরও বড় কোনও হামলা চালানো। কিন্তু চেকপোস্টে এসে পড়ার পর তারা সেখানেই গুলি চালাতে শুরু করে।

ঘটনাটি ইতোমধ্যেই ইসরায়েলের চলমান নির্বাচনি প্রচারণায় প্রভাব ফেলতে শুরু করেছে। নিরাপত্তার প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনের ময়দানে অবতীর্ণ হওয়া নেতানিয়াহু জানিয়েছেন, তার লিকুদ পার্টি শুক্রবার সকালের নির্ধারিত নির্বাচনি কর্মসূচিগুলো বাতিল করবে।

এদিন বিকেলে দুর্ঘটনাস্থল পরিদর্শন করে তিনি বলেন, পশ্চিম তীরে ‘বড় পরিসরে (কড়া) পদক্ষেপ’ নিতে ইসরায়েল সম্পূর্ণ প্রস্তুত।

এদিকে ইসরায়েলকে পশ্চিম তীরে ‘ঠিক গাজা বা লেবাননের মতো’ অভিযান শুরু করার আহ্বান জানিয়েছেন তার চরম ডানপন্থী জোটের অংশীদার বেজালেল স্মটরিচ। আর ফিলিস্তিনি কর্তৃপক্ষকে সম্পূর্ণ ভেঙে দেয়ার আহ্বান জানিয়েছেন চরম ডানপন্থি জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতমার বেন গভির।

ঠিকানা/এএস
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]