অবশেষে আর্জেন্টিনা জাতীয় দলের  সঙ্গে চুক্তি নবায়ন করছেন স্কালোনি

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬, ১৩:৩৪ , অনলাইন ভার্সন
২০২৬ বিশ্বকাপ ফাইনালে হারের পর বিদায়ের ইঙ্গিত দিলেও আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্ব নিয়ে মত বদলেছেন লিওনেল স্কালোনি। তবুও হবে হবে করেও তার চুক্তি নবায়নের বিষয়টি ঝুলছিল। ডিসেম্বর শেষে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে স্কালোনির। তার আগেই তিনি সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের সঙ্গে নতুন চুক্তির সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন। এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণা বাকি!

আন্তর্জাতিক ফুটবলের প্রখ্যাত ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো এক্সে দেওয়া এক ভিডিওতে জানিয়েছেন, লিওনেল স্কালোনি নতুন চুক্তিতে সম্মতি দিয়েছেন, আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান কোচ হিসেবে ২০৩০ সালের জুলাই পর্যন্ত থাকবেন তিনি। যদিও কিছুটা ভিন্ন তথ্য দিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস। তারা দুই বছরের চুক্তি ও দুই বছর বাড়িয়ে নেওয়ার সুযোগ রাখার কথা উল্লেখ করেছে।

এই প্রতিবেদনে টিওয়াইসি বলছে, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে স্কালোনির নতুন চুক্তি প্রাথমিকভাবে আরও দুই বছরের জন্য হবে এবং আরও দুই বছরের জন্য এটি বাড়ানোর সুযোগ থাকবে। ২০২৮ সালের কোপা আমেরিকার পর এতে একটি প্রায় স্বয়ংক্রিয় শর্ত যুক্ত হবে, যেখানে সুযোগ রাখা হবে ২০৩০ বিশ্বকাপের শেষ পর্যন্ত সেটি বাড়িয়ে নেওয়ার। 

এটি হবে জাতীয় দলের প্রধান হিসেবে স্কালোনির তৃতীয় বিশ্বকাপ এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচগুলোর একটি আর্জেন্টিনায় খেলা হবে। ২০৩০ সালে বিশ্বকাপের শততম আসর বসবে, সেই উপলক্ষ্যে ঐতিহাসিক ওই আসরের তিন (একটি করে) ম্যাচ আর্জেন্টিনা, উরুগুয়ে এবং প্যারাগুয়েতে হবে। তবে বিশ্বকাপের মূল আয়োজক স্পেন, পর্তুগাল ও মরক্কো। লাতিন দেশে তিনটি উদ্বোধনী ম্যাচের পর আসর ফিরবে ইউরোপে।

আর্জেন্টিনায় নতুন চুক্তির ইঙ্গিত স্কালোনির, ফাইনালে হার নিয়ে যা বললেন
এদিকে, স্কালোনির চুক্তি নবায়ন প্রায় নিশ্চিত হলেও, এএফএ চায় একই কোচিং প্যানেল বহাল রাখা। যারা স্কালোনির সঙ্গে ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২২ কাতার বিশ্বকাপ, ২০২৪ কোপা আমেরিকা শিরোপা এনে দিয়েছিল এবং ২০২৬ বিশ্বকাপে রানার্সআপ হয়। পর্দার আড়ালে তারা ওয়াল্টার স্যামুয়েলকে স্কালোনির সহকারী কোচ হিসেবে থেকে যাওয়ার জন্য রাজি করানোর চেষ্টা করছেন বলে দাবি টিওয়াইসি’র। 

সেপ্টেম্বর-অক্টোবরে ফিফার সর্বশেষ আন্তর্জাতিক বিরতির সময় স্কালোনি বলেছিলেন, ‘এতে কোনো সন্দেহ নেই যে, অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ার পাশাপাশি সে আমার বন্ধুও। আমি তার মঙ্গল চাই। সে যদি কোনো সিদ্ধান্ত নিতে চায়, তবে তার সেই স্বাধীনতা দেওয়াই ন্যায্য।’ তবে স্যামুয়েলকে চলে যাওয়ার স্বাধীনতার পাশাপাশি তার অনুপস্থিতি কতটা ক্ষতি করবে সেদিকেও জোর দিয়েছেন আলবিসেলেস্তে কোচ। অর্থাৎ, প্রধান কোচ হিসেবে ক্যারিয়ারে পরিবর্তন আনতে চাওয়া স্যামুয়েলের জন্য তার দরজা খোলা। 

ঠিকানা/এসআর
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]