ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ১৩:৪৯ , অনলাইন ভার্সন
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, সমৃদ্ধ ও প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে সব ধর্মের মানুষ একসঙ্গে লড়াই করেছেন। এবার সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে।

মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুর সদর উপজেলার পাগলাপীরে এক পথসভায় বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান—সব ধর্মের মানুষ এ দেশের নাগরিক। বাংলাদেশ সবার। তাই দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ নির্মাণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত পরিশ্রমের মাধ্যমে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলাই হওয়া উচিত সবার অঙ্গীকার।

প্রধানমন্ত্রী বলেন, ১২ তারিখের নির্বাচনের পর দেশের মানুষ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকার খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। সমাজের প্রতিটি শ্রেণির মানুষের প্রয়োজন বিবেচনায় নিয়ে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু করা হয়েছে। এ ছাড়া ইমাম, মুয়াজ্জিনসহ বিভিন্ন শ্রেণির মানুষের জন্য ভাতার ব্যবস্থা করা হয়েছে। সমাজের সব শ্রেণির মানুষের কল্যাণে সরকারের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

শারদীয় দুর্গাপূজার প্রসঙ্গ উল্লেখ করে তারেক রহমান বলেন, সনাতন ধর্মাবলম্বীদের জন্য এটি আনন্দ ও উৎসবের সময়। এ উৎসবকে কেন্দ্র করে সব ধর্মের মানুষের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও দৃঢ় হওয়া প্রয়োজন। স্বাধীনতার সময় যেভাবে সব ধর্মের মানুষ একসঙ্গে দেশকে স্বাধীন করেছেন, একইভাবে দেশের উন্নয়ন ও অগ্রগতিতেও সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি আরও বলেন, দেশের উন্নয়ন কোনো একটি শ্রেণি বা ধর্মের মানুষের একক দায়িত্ব নয়। সম্মিলিত প্রচেষ্টা, পারস্পরিক সহযোগিতা ও কঠোর পরিশ্রমের মধ্য দিয়েই একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

পথসভা শেষে প্রধানমন্ত্রী সড়কপথে রংপুরের ধর্মসভা রাধা গোবিন্দ মন্দিরের উদ্দেশে রওনা হন।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহসভাপতি ও সংসদ সদস্য নিপুল রায় চৌধুরী, বিএনপির সহকারী সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ড, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ অন্যরা।

ঠিকানা/এসআর
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]