দেশে ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৩৫২, নতুন আক্রান্ত ১৮৫১

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ১৭:১০ , অনলাইন ভার্সন
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারা দেশে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট ৩৫২ জনের মৃত্যু হলো। আর চলতি মাসের প্রথম ১৮ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০৭ জনের। ১৯ অক্টোবর (সোমবার) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় নিহত চারজনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে একজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দুজন এবং ময়মনসিংহ বিভাগে সিটি করপোরেশনের বাইরে একজনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন এক হাজার ৮৫১ জন। এর ফলে চলতি বছরে হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ১৪ হাজার ২৫১ জন। তাদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ সাত হাজার ৮৬৫ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১৯২ জন, চট্টগ্রাম বিভাগে ২২০, ঢাকা বিভাগে সিটি করপোরেশনের বাইরে ৩৬৩, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৪৮, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৩১, খুলনা বিভাগে ২৫৩, ময়মনসিংহ বিভাগে ৯২, রাজশাহী বিভাগে ২৩৩, রংপুর বিভাগে ৯৩ এবং সিলেট বিভাগে ২৬ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট এক লাখ দুই হাজার ৮৬১ জন ডেঙ্গু আক্রান্ত হন। এ সময়ে ডেঙ্গুতে ৪১৩ জনের মৃত্যু হয়। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট এক লাখ এক হাজার ২১৪ জন ডেঙ্গু আক্রান্ত হন। এ সময়ে ডেঙ্গুতে ৫৭৫ জনের মৃত্যু হয়। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

ঠিকানা/এএস 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]