মাথায় গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে আর্জেন্টাইন গোলরক্ষক মার্তিনেস

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ২৩:৪৭ , অনলাইন ভার্সন
এভারটনের বিপক্ষে ম্যাচে ভয়াবহ সংঘর্ষে চেলসির গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসকে হাসপাতালে নিতে হয়েছে। প্রতিপক্ষের ডিফেন্ডার জ্যারাড ব্রান্থওয়েটের সঙ্গে মাথায় ধাক্কা লাগার পর মাঠেই প্রায় ১০ মিনিট চিকিৎসা দেওয়া হয় তাকে। পরে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই গোলরক্ষককে।

ম্যাচের একপর্যায়ে বক্সে উড়ে আসা ক্রস ঠেকাতে গোলপোস্ট ছেড়ে এগিয়ে যান মার্তিনেস। একই সময়ে বলের দিকে ছুটে আসেন ব্রান্থওয়েট। দুজনের মাথায় সজোরে ধাক্কা লাগে। সংঘর্ষের পর তারা মাঠে পড়ে থাকেন। কয়েক মিনিটের মধ্যে উঠে দাঁড়ান ব্রান্থওয়েট। তবে মার্তিনেসকে দীর্ঘ সময় মাঠে চিকিৎসা নিতে হয়।

চেলসির চিকিৎসাকর্মীরা সতর্কতার সঙ্গে মার্তিনেসকে সুস্থ করার চেষ্টা করেন। একপর্যায়ে মাঠে ডাকা হয় স্ট্রেচার। মার্তিনেসকে অক্সিজেনও দেওয়া হয়। সংঘর্ষের প্রায় ১০ মিনিট পর তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

সম্প্রচারমাধ্যম টিএনটি স্পোর্টস জানায়, মার্তিনেসকে দ্রুত লিভারপুলের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে। স্ট্রেচারে করে মাঠ ছাড়ার সময় তার হাত নাড়ানোর দৃশ্য দেখা যায়। পরে চেলসি কোচ জাবি আলোনসো জানান, জ্ঞান থাকা অবস্থাতেই স্টেডিয়াম ছেড়েছেন মার্তিনেস।

ম্যাচ শেষে টিএনটি স্পোর্টসকে আলোনসো বলেন, ‘আমি যতটুকু জানি, সে জ্ঞান থাকা অবস্থাতেই স্টেডিয়াম ছেড়েছে। এখন সে হাসপাতালে আছে। সতর্কতামূলকভাবে তার কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। দেখা যাক, কী হয়। আপাতত এটুকুই জানি।’

মার্তিনেসের পরিবর্তে ম্যাচের ৭৩তম মিনিটে মাঠে নামেন বেলজিয়ান গোলরক্ষক মাইক পেন্ডার্স। চেলসির হয়ে প্রিমিয়ার লিগে এটি ছিল তার অভিষেক। অন্যদিকে চিকিৎসাকর্মীদের কনকাশন পরীক্ষা শেষে খেলা চালিয়ে যাওয়ার অনুমতি পান ব্রান্থওয়েট।

মার্তিনেসের চোটে উদ্বেগ তৈরি হলেও শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি। ৪৬ ও ৯০ মিনিটে দলের হয়ে গোল দুটি করেন পেদ্রো নেতো। চলতি মৌসুমে প্রতিপক্ষের মাঠে এটি ছিল চেলসির প্রথম জয়। পাশাপাশি প্রিমিয়ার লিগে নয় মাস পর প্রথমবারের মতো ক্লিন শিটও পেয়েছে তারা। সর্বশেষ গত ১৭ জানুয়ারি ব্রেন্টফোর্ডের বিপক্ষে ২-০ গোলের জয়ে গোল হজম করেনি দলটি।

জয়ের পর মার্তিনেসের প্রতি সমর্থন জানিয়ে নেতো বলেন, ‘আমরা খুব খুশি। তবে এমির জন্য খারাপ লাগছে। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করি। এই জয় তার জন্য। আমরা খুব আনন্দিত, কিন্তু এই মুহূর্তে আমাদের সব ভাবনা তাকে ঘিরেই।’

নেতো আরও বলেন, ‘এই জয় তার সম্মানে উৎসর্গ করছি। আমাদের একটি ক্লিন শিট দরকার ছিল। ভালো একটি ম্যাচ খেলা দরকার ছিল। এমি এটা প্রাপ্য। মাইক, যে মাঠে নেমেছিল, সেও এটা প্রাপ্য। তাই আমরা খুব খুশি।’

২০২২ সালে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতা মার্তিনেস গত আগস্টে অ্যাস্টন ভিলা থেকে চেলসিতে যোগ দেন। এভারটনের বিপক্ষে চেলসির হয়ে ষষ্ঠ ম্যাচ খেলতে নেমেছিলেন।

ঠিকানা/এনআই
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]