লিটল বাংলাদেশে দেশীয় স্বাদ ও ঐতিহ্যের নতুন ঠিকানা

ব্রুকলিনে ‘মাহী রেস্টুরেন্ট অ্যান্ড বেকারি’ উদ্বোধন

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ১৩:২৭ , অনলাইন ভার্সন
নিউইয়র্কের ব্রুকলিনের লিটল বাংলাদেশে দেশীয় খাবার ও বাংলার সংস্কৃতিকে একসঙ্গে তুলে ধরার আয়োজন নিয়ে এসেছে ‘মাহী রেস্টুরেন্ট অ্যান্ড বেকারি’। নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে দীর্ঘদিনের পরিচিত মান্নান ব্র্যান্ডের পাশে তার পরিবারের সদস্যের নতুন এই সংযোজন গড়ে উঠেছে ৮২-এ চার্চ অ্যাভিনিউতে। জ্যাকসন হাইটসের ব্যবসায়ী সৈয়দ রহমান মান্নানের মেয়ে মাহী মান্নান ও মাহীর স্বামী মোহাম্মদ শাহেদের উদ্যোগে প্রতিষ্ঠানটি মান্নানের ব্যবসায়িক  
ঐতিহ্যে নতুন প্রজন্মের একটি অধ্যায়। বাংলার চেনা খাবার, সংস্কৃতির ছোঁয়া এবং নতুন প্রজন্মের উদ্যোগ—এই তিনের সমন্বয়ে লিটল বাংলাদেশের খাবারের আয়োজনে যুক্ত হয়েছে মাহী রেস্টুরেন্ট অ্যান্ড বেকারি। মান্নানের দীর্ঘ ব্যবসায়িক পথচলার সঙ্গে এখানে মিলেছে মাহীর নিজস্ব উদ্যোগ ও নতুন আয়োজন। ৯ অক্টোবর শুক্রবার দুপুরে ‘মাহী রেস্টুরেন্ট অ্যান্ড বেকারি’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সেখানে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ক্রেতাদের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ। উদ্বোধনী দিনে রেস্টুরেন্টটির সাফল্য কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
রেস্টুরেন্টের মালিকদের একজন মাহী মান্নান বলেন, ‘আমি বাবার পরিবারের সঙ্গে এত দিন ধরে বিভিন্ন ব্যবসায় সম্পৃক্ত ছিলাম। চিন্তা করেছি কারও ওপর আর ডিপেন্ডেন্ট থাকব না। আত্মনির্ভরশীল হব। আমার হাজব্যান্ডও চাচ্ছিল একটি রেস্টুরেন্ট করার জন্য। এ কারণে আমি ও আমার হাজব্যান্ড মোহাম্মদ শাহেদ এবং আমার পার্টনার মিলে এই ব্যবসাটি আমরা খুলেছি। এখানে আমার আম্মুর কোনো ইনভেস্টমেন্ট নিইনি। আমার পরিবার ও আমার ভাইয়েরা আমাকে আলাদা করে রেস্টুরেন্ট করার জন্য বিভিন্ন রকমের পরামর্শ দিয়ে সাহায্য করেছেন। কখন কী করতে হবে বলে দিচ্ছেন। এ জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ।’ মাহী আরও বলেন, ব্রুকলিনে এটি করার পেছনে আরও একটি কারণ হলো ব্রুকলিনের চার্চ অ্যাভিনিউতে কোনো বাংলাদেশি ভালো রেস্টুরেন্ট নেই ঘরোয়া ছাড়া। আর শরিয়া বোর্ড সাটিফায়েড হালাল রেস্টুরেন্ট নেই। তখন আমরা চিন্তা করলাম, শরিয়া বোর্ড সার্টিফায়েড হালাল রেস্টুরেন্ট খুলব। আশা করছি, এটি ভালোভাবে চালাতে পারব। তিনি ব্রুকলিনবাসীর পাশাপাশি অন্য এলাকার মানুষকেও তাদের খাবারের স্বাদ নেওয়ার আহ্বান জানান।
ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানতে চাইলে মাহী মান্নান বলেন, এখন ভীষণ ব্যস্ততার মধ্যে সময় যাচ্ছে। ব্যবসার পাশাপাশি আমার দুটি মেয়েকে সময় দিতে হয়, পরিবারকে সময় দিতে হয়। সে জন্য অনেক ব্যস্ত থাকি। ভবিষ্যতে কী করব এখনই বলতে পারছি না। আগে এটিকে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যাই। যারা হালাল খাবার খেতে চান ও পছন্দ করেন, তারা এখানকার খাবার খেতে পারেন। দেখতে পারেন এর স্বাদ কেমন। আমরা খাবারের বিভিন্ন আইটেম রেখেছি। পাশাপাশি আমাদের মান্নান বেকারির যেসব আইটেম আছে, সেগুলোও রেস্টুরেন্টে থাকবে। আমরা চেষ্টা করব নতুন কিছু করার।
মাহীর আয়োজনের বিশেষত্ব ফুটে উঠেছে এর অন্দরসজ্জায়। বেতের তৈরি আলোর শেড, কাঠের উষ্ণ আবহ এবং দেয়ালের খিলানে বাংলার নদী, নৌকা, নারকেলগাছ, গ্রাম ও পুরোনো স্থাপত্যের ছবি—সব মিলিয়ে আধুনিক পরিবেশের ভেতর বাংলাদেশের পরিচিত দৃশ্য ও সংস্কৃতিকে স্থান দেওয়া হয়েছে।
উদ্বোধনের প্রস্তুতির সময় প্রতিষ্ঠানটির পরিবেশে চোখে পড়েছে পরিমিত সাজসজ্জা। সরলতার মধ্যেই ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন ঘটানোর চেষ্টা রয়েছে। প্রবাসে বসে দেশের খাবারের সঙ্গে চেনা পরিবেশের অনুভূতি পাওয়ার বিষয়টিও এই আয়োজনে গুরুত্ব পেয়েছে।
নতুন এই প্রতিষ্ঠানের পেছনে রয়েছে প্রায় তিন দশকের ব্যবসায়িক পথচলা। জ্যাকসন হাইটসে ছোট্ট একটি গ্রোসারি দিয়ে নিজের ব্যবসা শুরু করেছিলেন সৈয়দ রহমান মান্নান। পরে মান্নান গ্রোসারি, মান্নান সুপারমার্কেট, মান্নান বেকারি ও মান্নান রেস্টুরেন্টের মাধ্যমে নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে পরিচিত হয়ে ওঠে মান্নান নামটি। সেই অভিজ্ঞতার ধারাবাহিকতায় মাহী এবার নিজের উদ্যোগ নিয়ে যুক্ত হয়েছেন পারিবারিক ব্যবসার নতুন অধ্যায়ে।
উদ্বোধনী দিনে খাবারের আয়োজনে ছিল পোলাও-রোস্ট, রুই মাছের কারি, ভর্তা-ডাল ও মেজবানি গরুর মাংসের মতো দেশীয় পদ। পাশাপাশি ক্যাটারিং অর্ডারও নেওয়া হচ্ছে। উদ্বোধন উপলক্ষে বিশেষ অফারে দুটি চিকেন সমুচা ৩ ডলার, হোয়াইট রোস্ট-পোলাও ও ডিমের কম্বো ৬ ডলার, সাদা ভাত-আলুভর্তা ও ডালের সঙ্গে রুই মাছের কারি কম্বো ৭ ডলার এবং ভাতের সঙ্গে মেজবানি গরুর মাংসের কম্বো ৯ ডলার রাখা হয়েছে। উল্লিখিত তিনটি খাবারের কম্বো শুধু টেকআউটের জন্য প্রযোজ্য।
টিএলসি চালকদের জন্যও রয়েছে বিশেষ সুবিধা। পরিচয়পত্র দেখিয়ে ন্যূনতম ১০ ডলারের টেকআউট অর্ডারে তারা ১০ শতাংশ ছাড় পাবেন। তবে ক্যাটারিং অর্ডার এবং আগে থেকেই বিশেষ অফারে থাকা খাবারের ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য নয়। প্রচারপত্র অনুযায়ী, বিশেষ অফারগুলো ২০ নভেম্বর পর্যন্ত চলবে। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ দাম ও শর্ত পরিবর্তনের অধিকার সংরক্ষণ করে।
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]