‘বার পরীক্ষায়’ ফেল করেছিলেন ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬, ১৮:০৭ , অনলাইন ভার্সন
হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়া স্বীকার করেছেন, তিনি বার পরীক্ষায় (আইন পেশা চর্চার লাইসেন্স পাওয়ার পরীক্ষা) ফেল করেছিলেন। এই পরীক্ষা যুক্তরাষ্ট্রে আইনি অনুশীলন করার পূর্বশর্ত হিসেবে বিবেচিত হয়। সম্প্রতি কেটি জাকারিয়ার আইনি যোগ্যতার বিষয়টি পর্যালোচনার মুখে পড়ার পরই তিনি বিষয়টি স্বীকার করলেন। খবর বার্তা সংস্থা এএফপির।

কেটি জাকারিয়া টেলিভিশন অনুষ্ঠানগুলোতে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে একজন ‘আইনজীবী’ হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন। পাশাপাশি তিনি ক্যালিফোর্নিয়াভিত্তিক একটি রক্ষণশীল অলাভজনক সংস্থার জেনারেল কাউন্সেল (প্রধান আইনি কর্মকর্তা) হিসেবে নিজের নাম তালিকাভুক্ত করেছিলেন।

তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে তাকে প্রেস সেক্রেটারি হিসেবে নিযুক্ত করার পর তার আইনি যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। সম্প্রতি এক প্রশ্নের জবাবে তিনি কোথায় বার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সে সম্পর্কে একটি অস্পষ্ট বা অনিশ্চিত উত্তর দেন।

৪১ বছর বয়সী কেটি জাকারিয়া ২০১১ সালে পেপারডাইন ইউনিভার্সিটির ল’ স্কুল থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তবে কেবল একটি আইনি ডিগ্রি অর্জন করলেই কেউ স্বয়ংক্রিয়ভাবে আইন পেশায় নিয়োজিত হওয়ার যোগ্যতা অর্জন করেন না।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে উপস্থাপক শন হ্যানিটি জাকারিয়াকে জিজ্ঞাসা করেন, ‘আপনি বার পরীক্ষা দিয়েছিলেন, কিন্তু পাস করেননি, তাই না?’

জবাবে জবাবে কেটি জাকারিয়া বলেন, ‘হ্যাঁ।’
বৃহস্পতিবার রক্ষণশীল গণমাধ্যম 'রিয়েল আমেরিকাস ভয়েস'-কে দেওয়া আরেকটি সাক্ষাৎকারে জাকারিয়া জানান, তিনি বার পরীক্ষার জন্য নিবন্ধন করেছিলেন, কিন্তু তার স্বামীর সাথে চীন যাওয়ার পরিকল্পনার কারণে তিনি ‘অন্যমনস্ক ও মানসিকভাবে বিপর্যস্ত’ ছিলেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পরীক্ষার ফলাফলের গুরুত্ব তেমন ছিল না কারণ আমি জানতাম চীনে আমার বার পাসের কোনো প্রয়োজন হবে না।’

উল্লেখ্য, বিদেশি নাগরিকরা চীনের বার পরীক্ষায় অংশ নিতে পারেন না, যদিও তারা চীনা ল ফার্মগুলোতে কিছু নির্দিষ্ট আইনি কাজ সম্পন্ন করতে পারেন।

ফক্সের সঙ্গে সাক্ষাৎকারে শন হ্যানিটি পরে জাকারিয়াকে জিজ্ঞাসা করেন, তিনি কি দ্বিতীয়বার বার পরীক্ষা দিয়েছিলেন? যার জবাবে কেটি জাকারিয়া বলেন, ‘আমি দিইনি।’ তিনি আরও বলেন, ‘ছয় বছরে আমার চারটি সন্তান হয়েছে। আইন পেশায় যাওয়ার কোনো ইচ্ছা আমার কখনোই ছিল না।’

অন্যদিকে, জাকারিয়া 'রিয়েল আমেরিকাস ভয়েস'-এ বলেন, আইন ক্ষেত্রের অনেকেই তাকে আশ্বাস দিয়েছিলেন যে, তিনি তার আইনের ডিগ্রি এবং চীনে অর্জিত বিজনেস ল-এর অভিজ্ঞতার ভিত্তিতে নিজেকে ‘আইনজীবী’ হিসেবে অভিহিত করতে পারেন। কেননা তিনি বেইজিংয়ের একটি ল’ ফার্মে কাজ করেছিলেন।

কেটি জাকারিয়া আরও বলেন যে, তিনি আইনি বিশ্লেষণ প্রদান করতে পারেন, আইনি পরামর্শ নয়।

অন্যদিকে, রাজনৈতিক নীতিশাস্ত্র বিষয়ক সংগঠন 'ক্যাম্পেইন ফর অ্যাকাউন্টেবিলিটি' বুধবার ক্যালিফোর্নিয়া বার অ্যাসোসিয়েশনকে এ বিষয়ে একটি তদন্ত শুরু করার আহ্বান জানিয়েছে।

সংগঠনটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ক্যালিফোর্নিয়ায় লাইসেন্স ছাড়া নিজেকে আইনজীবী বলা কোনো আত্মতুষ্টি বা অতিরঞ্জন নয়; এটি একটি ‘অপরাধ।’

কেটি জাকারিয়া গত মঙ্গলবারে হোয়াইট হাউসে তার প্রথম সংবাদ সম্মেলন পরিচালনা করেন, যা অস্বাভাবিকভাবে খুব সংক্ষিপ্ত ছিল এবং এতে তিনি মাত্র তিনজন সাংবাদিকের প্রশ্নের উত্তর দেন।

কেটি জাকারিয়া ট্রাম্পের অনুগত সমর্থক এবং প্রায়শই আক্রমণাত্মক ভঙ্গির প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিটের স্থলাভিষিক্ত হন। লিভিট তার পারিবারিক প্রয়োজনে এবং ছোট শিশুদের যত্ন নেওয়ার জন্য গত আগস্টে পদত্যাগ করেছিলেন।

ঠিকানা/এসআর
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]