হুথিদের  ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় আরামকোর প্রধান কার্যালয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৫১ , অনলাইন ভার্সন
সৌদি আরবের জ্বালানি জায়ান্ট ‘আরামকোর’ ধাহরানের প্রধান কার্যালয় এবং রাজধানী রিয়াদ লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। এতে প্রতিষ্ঠানটির সদর দপ্তরের একটি ভবনে আগুন ধরে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।

আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ফরাসি সংবাদ সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে এক বিবৃতিতে জানান, তাদের বাহিনী ধাহরানে আরামকোর লক্ষ্যবস্তু ছাড়াও রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং রাজধানীর একটি তেল শোধনাগারে সমন্বিত সামরিক অভিযান পরিচালনা করেছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী দিনগুলোতেও সৌদি শত্রুপক্ষের বিমানবন্দর ও তেল স্থাপনাগুলো লক্ষ্য করে আমাদের এ ধরনের হামলা অব্যাহত থাকবে। 

সৌদি সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, ধাহরানে আরামকোর একটি ভবনে আঘাত হানার পর সেখানে ‘সীমিত অগ্নিকাণ্ড’ ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আরামকোর দুজন কর্মী নাম না প্রকাশের শর্তে জানান, ধাহরানের প্রধান কার্যালয়ের একটি টাওয়ারে গভীর রাতে হামলা চালানো হয়, যার ফলে ভবনটির উপরের তিনটি তলা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

এদিকে রাজধানী রিয়াদেও বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রিয়াদ লক্ষ্য করে ছোড়া হুথিদের একটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস বা প্রতিরোধ করা হয়েছে। সম্প্রতি রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি হামলায় ১৩ জন নিহত হওয়ার পর থেকেই পুরো অঞ্চলে চরম আতঙ্ক বিরাজ করছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সৌদি আরবের স্কুলে অনলাইন ক্লাস চালু করা হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মচারীদের ঘরে বসে কাজের (ওয়ার্ক ফ্রম হোম) নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ক্রিশ্চিয়ানো রোনালদোর দল আল নাসরের ম্যাচসহ সৌদি প্রলিগের তিনটি ম্যাচ এবং প্রস্তাবিত জনপ্রিয় ‘সিক্স কিংস স্ল্যাম’ টেনিস টুর্নামেন্ট স্থগিত করা হয়েছে।

সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে এক বৈঠকে দেশটির মন্ত্রিসভা সাফ জানিয়ে দিয়েছে, লোহিত সাগর ও বাব আল-মানদেবে কোনো অবস্থাতেই নিজেদের নিরাপত্তা ও জাহাজ চলাচলের স্বাধীনতায় হুমকি বরদাশত করা হবে না। জবাবে ইয়েমেনের রাজধানী সানায় হুথিদের শক্তিশালী ঘাঁটিতে পাল্টা বিমান হামলা জোরদার করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।

ঠিকানা/এসআর
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]