স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

অপারেশন ক্লিন হার্টের মতো অভিযান চালানোর পরিকল্পনা নেই

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ২১:৪৯ , অনলাইন ভার্সন
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এই মুহূর্তে ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো অভিযান চালানোর পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ১৪ অক্টোবর (বুধবার) দুপুরে চট্টগ্রাম মহানগরীর দামপাড়ায় মেট্রোপলিটন পুলিশ লাইনসে ‘সাইবার পুলিশ সেন্টার’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, সাইবার স্পেস ব্যবহার করে সংঘটিত এসব নতুন অপরাধ দমনে দেশের আটটি বিভাগে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর ‘ডিজিটাল ফরেনসিক ল্যাব’ গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অপরাধীদের দ্রুত বিচার ও বিচারপ্রার্থীদের চাওয়া পূরণে এসব ল্যাব সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিজিটাল তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে দেশে অপরাধের নতুন নতুন ক্ষেত্র তৈরি হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে গুজব, উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার, সহিংসতায় উসকানি, ডিজিটাল ব্ল্যাকমেইলসহ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলা হচ্ছে।

সাইবার স্পেস ব্যবহার করে সংঘটিত অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে সাইবার পুলিশ ইউনিটের কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান সালাহউদ্দিন আহমদ।

অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, অপরাধ দমন করতে গেলে পুলিশ মাঝেমধ্যে হামলার শিকার হয়, এটি নতুন কিছু নয়। অপরাধ দমনে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে সরকার। তবে ‘অপারেশন ক্লিন হার্ট’ চালানোর মতো কোনো পরিকল্পনা এই মুহূর্তে সরকারের নেই।

চট্টগ্রামের দামপাড়ায় ‘সাইবার পুলিশ সেন্টার’ নির্মাণে সহযোগিতা করেছে ‘কোরিয়া ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি’। প্রায় ৫৯ কোটি ৮ লাখ টাকা ব্যয়ে সেন্টারটি নির্মাণ করা হয়।

বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান, আইজিপি মো. আলী হোসেন ফকির, অ্যাডিশনাল আইজিপি সরদার নুরুল আমিন, অ্যাডিশনাল আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন, সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলীসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা।

ঠিকানা/এএস
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]