হেনস্তাকারীদের  গ্রেপ্তারের খবর  নিয়ে বিভ্রান্তি

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ১১:০৬ , অনলাইন ভার্সন
নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়েছে। তবে এ খবরের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট আওয়ামী লীগ নেতারা গ্রেপ্তারের দাবি নাকচ করেছেন।
গত ১২ অক্টোবর সোমবার বিকালে বিমানবন্দর থেকে হুইলচেয়ারে বের হওয়ার সময় ড. ইউনূসকে ঘিরে বিক্ষোভ ও কটূক্তি করেন আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা শুরু হয়।
এ ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় নিউইয়র্কে বাংলাদেশ মিশনকে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছে।
অন্যদিকে, ড. ইউনূসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পেরে সন্তোষ প্রকাশ করছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা। অনেকেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজেদের অবস্থানের পক্ষে মন্তব্য করছেন।
তিনজন গ্রেপ্তারের খবরকে ‘সম্পূর্ণ গুজব’ দাবি করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেন, ‘এসব গুজব ইউনূসের বট বাহিনীর সৃষ্টি।’
এ ঘটনায় অভিযুক্ত নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরীও গ্রেপ্তারের খবর নাকচ করে বলেন, ‘গ্রেপ্তারের খবর ভুয়া। আমরা যুক্তরাষ্ট্রের আইন মেনে প্রতিবাদ করেছি।’
এদিকে, সরকারের নির্দেশনার পর নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট কী পদক্ষেপ নিয়েছে, তা জানতে কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ঠিকানা। তবে তিনি ফোন ধরেননি। বক্তব্য চেয়ে বার্তা পাঠানো হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি কোনো সাড়া দেননি। 
হেনস্তার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শেষ পর্যন্ত কী আইনগত ব্যবস্থা নেওয়া হয়, তা নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আলোচনা চলছে।
নিউইয়র্ক পুলিশের অবসরপ্রাপ্ত একজন ডিটেকটিভ নাম প্রকাশ না করার শর্তে ঠিকানাকে বলেন, ‘আমি ভিডিওটি দেখেছি। এটা তেমন কোনো ধর্তব্য অপরাধ ছিল না। ঘটনাস্থল এয়ারপোর্ট পুলিশের অধীনে। তাই ঘটনার সময় সেখানে সংশ্লিষ্ট বিভাগের পুলিশ উপস্থিত থাকলে এবং কেউ হয়রানির অভিযোগ করলে পুলিশ ভায়োলেশনের অভিযোগ এনে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতো অথবা স্থান ত্যাগ করতে বলতো। এখন আনুষ্ঠানিক অভিযোগ করলে পুলিশ একটি নোট রাখতে পারে। এর বাইরে পুলিশের তেমন কিছু করার নেই।’

 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]