ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় নিন্দা অন্তর্বর্তী সরকারের সাবেক ১২ উপদেষ্টার

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬, ২২:০২ , অনলাইন ভার্সন
শান্তিতে নোবেলজয়ী ও অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় নিন্দা জানিয়েছেন সাবেক ১২ জন উপদেষ্টা। ১৩ অক্টোবর (মঙ্গলবার) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানান তারা।   

বিবৃতিতে সাবেক ১২ উপদেষ্টা বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অব্যাহত হয়রানি, অনলাইনে অপপ্রচার এবং সুপরিকল্পিত আক্রমণের ঘটনায় গভীর ক্ষোভ ও তীব্র নিন্দা প্রকাশ করছি।

বিবৃতিতে আরও বলা হয়, যখন আমাদের জাতি সম্পূর্ণ ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছিল, তখন অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এক কঠিন ও বিশাল দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল—বছরের পর বছর ধরে অবাধ অর্থনৈতিক লুটপাট, গণতান্ত্রিক প্রতিষ্ঠানের পতন ও দুর্নীতি, পদ্ধতিগত স্বৈরাচার এবং মানবাধিকারের চরম লঙ্ঘনের ফলে বিপর্যস্ত একটি জাতিকে পুনর্গঠন করা। এই অন্তর্বর্তীকালীন সরকারই ফ্যাসিবাদী শাসনামলে নিয়মিতভাবে সংঘটিত গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো জঘন্য কর্মকাণ্ডের অবসান ঘটিয়েছিল।

সাবেক উপদেষ্টারা বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তীকালীন সরকার একটি অবাধ ও সুষ্ঠু সাধারণ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে। এই প্রত্যাশা নিয়ে ক্ষমতা হস্তান্তর করা হয়েছিল যে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন, ফ্যাসিবাদী শাসনামলের ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং মানবাধিকার রক্ষার প্রক্রিয়াটি অব্যাহত থাকবে।

বিবৃতিতে আরও বলা হয়, অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা লক্ষ্য করছি, কিছু রাজনৈতিক দুর্বৃত্ত এবং একটি স্বার্থান্বেষী মহল ক্রমাগত বিদ্বেষপূর্ণ তথ্য ছড়াচ্ছে ও অপপ্রচার করছে এবং অধ্যাপক ইউনূসকে শারীরিক হুমকির মুখে ফেলছে। অস্থিতিশীলতা সৃষ্টি এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিশ্বাসযোগ্যতা ও ব্যাপক গ্রহণযোগ্যতাকে ক্ষুণ্ণ করার লক্ষ্যে পরিচালিত এ ধরনের কাপুরুষোচিত অপকৌশলের আমরা তীব্র নিন্দা জানাই।

সাবেক ১২ জন উপদেষ্টা বলেন, আমরা দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করছি, কোনো ধরনের ভয়ভীতি প্রদর্শন, মিথ্যাচার, অনলাইন হয়রানি বা ব্যক্তিগত হুমকি—কোনো কিছুই জুলাই বিপ্লবের প্রতিশ্রুত পরিবর্তনের লক্ষ্যে আমাদের দৃঢ় সংকল্পকে টলাতে পারবে না।

বাংলাদেশের জনগণ ও তরুণদের বিশাল ত্যাগের বিনিময়ে অর্জিত সংস্কার এবং মর্যাদার ঐতিহাসিক ম্যান্ডেটকে ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী শাসন ও তাদের দোসরদের বিদ্বেষপূর্ণ অপপ্রচার-অপচেষ্টা দিয়ে মুছে ফেলা যাবে না এবং তা কখনোই মুছে ফেলা হবে না।

বিবৃতিতে স্বাক্ষরকারী ১২ জন উপদেষ্টা হলেন—অর্থনীতিবিদ ড. সালেহউদ্দিন আহমেদ, অর্থনীতিবিদ ড. এম ফাউজুল কবির খান, শিক্ষাবিদ সি আর আবরার, অধ্যাপক ড. আসিফ নজরুল, আদিলুর রহমান খান, লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. সাখাওয়াত হোসেন, ফারুক-ই-আজম, ফরিদা আখতার, শারমিন সোনিয়া মুরশিদ, মোস্তফা সরয়ার ফারুকী ও সৈয়দা রিজওয়ানা হাসান।

ঠিকানা/এএস 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]