ছাত্ররা জীবন না দিলে তারেক রহমান দেশে ফিরতে পারতেন না : নাহিদ ইসলাম

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬, ১৮:১১ , অনলাইন ভার্সন
ছাত্ররা জীবন না দিলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশে ফিরতে পারতেন না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেছেন, আওয়ামী লীগের সঙ্গে গোপন আঁতাতের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছে। এখন স্বৈরাচার ও চাঁদাবাজরা এক হয়েছে। তারা দেশ ধ্বংসের নীলনকশা করছে।

১৩ অক্টোবর (মঙ্গলবার) সকাল ১১টায় শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে এনসিপির শরীয়তপুর জেলা শাখা আয়োজিত নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সারের ডিলার নিয়োগে দলীয়করণ, চাকরিতে নিয়োগ-বাণিজ্য ও দুর্নীতির প্রতিবাদে এ সভার আয়োজন করা হয়।

বিদেশে আওয়ামী লীগ ও দেশে বিএনপি—এই দুই শক্তির কারণে দেশের মানুষ শান্তি পাচ্ছে না বলে মন্তব্য করে নাহিদ বলেন, একসময় যারা অর্থ পাচার করেছিলেন, তাদের জায়গায় এখন নতুন অর্থ পাচারকারীরা এসেছেন। বিএনপির মধ্যে থাকা চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দখলদারদের চিহ্নিত করে বহিষ্কার করতে হবে। তা না হলে তাঁর পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হবে না।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, গ্যাসের দাম ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। বিভিন্ন স্তরে সিন্ডিকেট তৈরি হওয়ায় দ্রব্যমূল্য আকাশচুম্বী হয়েছে। এর ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে সরকার কার্যকর ভূমিকা রাখতে পারছে না।

বিএনপির নেতাকর্মীদের একাংশের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, দলের মধ্যে থাকা চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দখলদারদের চিহ্নিত করে বহিষ্কার করতে হবে। অন্যথায় তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হবে না। একই সঙ্গে প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন এবং অতীতের ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়ে জনগণের স্বার্থে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, ‘বিএনপির মধ্যে থাকা চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দখলদারদের চিহ্নিত করে বহিষ্কার করতে হবে। তা না হলে তার পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হবে না।’

প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, ‘নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। অতীতের ঘটনা থেকে শিক্ষা নিয়ে জনগণের স্বার্থে কাজ করতে হবে।’

সভায় বক্তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, নিয়োগ বাণিজ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এসব সমস্যা সমাধানে প্রশাসনের নিরপেক্ষতা, রাজনৈতিক দলগুলোর জবাবদিহি এবং জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়ার দাবি জানান তারা।

শরীয়তপুর জেলা এনসিপির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আদীব আরিফ, শ্রমিক শক্তির সদস্যসচিব ঋজু মোর্শেদ এবং দলের কেন্দ্রীয় সদস্য ইমরান হোসেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা এনসিপির সদস্যসচিব সবুজ তালুকদার। এ ছাড়া জেলা যুবশক্তির আহ্বায়ক কাউসার, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক ইয়াসিন এবং নারীশক্তি ও শ্রমিকশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঠিকানা/এএস 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]