কায়দা করে বাঁচার জন্য আ.লীগ-ছাত্রলীগ এখন জামায়াত হয়ে যাচ্ছে : রাশেদ খাঁন

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ২০:৩৬ , অনলাইন ভার্সন
অপরাধের শাস্তি থেকে বাঁচার জন্য কায়দা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অনেকে এখন জামায়াত হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। ১১ অক্টোবর (রবিবার) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লেখেন, ‘আমরা যেসময় আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে মিছিল করেছি, ডাকসুর বর্তমান ভিপি সাদিক কায়েম সেসময় ছাত্রলীগের হয়ে আমাদের বিরুদ্ধে মিছিল করেছে! শিবির তকমা দিয়ে আবরার ফাহাদকে হত্যা করা হলো, কিন্তু একজন শিবির নেতা সেই প্রোগ্রামে অংশগ্রহণ পর্যন্ত করেনি। অথচ এরা নাকি গণভবন দখলের সব নকশা রেডি করে ফেলেছিল।’

প্রধানমন্ত্রীর রাজনৈতিক এ সহকারী বলেন, ‘২০২৪ সালে পুনরায় কোটা সংস্কার আন্দোলন শুরু না হলে এবং শেখ হাসিনার হত্যার প্রতিবাদে জনগণ রাস্তায় না নামলে এরা ছাত্রলীগের বড় বড় পদ বাগিয়ে নিতে রেডি ছিল! কিন্তু এখন এই কথা এখন আর স্বীকার যাবে না!’

তিনি আরও বলেন, ‘বিশেষ করে চাকরির ভেরিফিকেশনে নিষিদ্ধ ছাত্রলীগ সম্পৃক্ততার তথ্য যাদের বিরুদ্ধে উঠে আসছে, এরা অধিকাংশই শিবির। এজন্য কে শিবির এবং কে ছাত্রলীগ সেই পার্থক্য খুঁজে বের করতে প্রশাসনকে বেশ বেগ পেতে হচ্ছে। কারণ কেউ শিবির (ছাত্রলীগ) হলে তাকে ভেরিফিকেশন থেকে বাদ দিলে যেমন ঝামেলা, আবার প্রকৃত নিষিদ্ধ ছাত্রলীগের কেউ চাকরিতে ঢুকে পড়লে জনগণ আবার সেটি মানবে না। আবার পুলিশ নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করতে গেলেও তার বিষয়ে নানা জায়গা থেকে তদবির আসছে যে, সে তো কায়দা করে বেঁচে থাকার জন্য ছাত্রলীগে ঢুকেছিল, সে প্রকৃতপক্ষে আমাদের লোক মানে শিবির!’

সবশেষ রাশেদ খাঁন লেখেন, ‘আবার শোনা যাচ্ছে, কায়দা করে বেঁচে থাকার জন্য আওয়ামী লীগ ও ছাত্রলীগের অনেকে এখন জামায়াত হয়ে যাচ্ছে! কি একটা মসিবত!!’

ঠিকানা/এএস 
 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]