ফরেন অ্যাসিস্ট্যান্স ও পিউ রিসার্চের তথ্য

যুক্তরাষ্ট্রের সহায়তা প্রাপ্তিতে ২০তম বাংলাদেশ

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ০২:৫১ , অনলাইন ভার্সন
যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তার সবচেয়ে বড় অংশ গেছে ইউক্রেনে। ২০২৫ অর্থবছরে দেশটিকে প্রায় ৬৭০ কোটি ডলার সহায়তা দিয়েছে মার্কিন প্রশাসন। দ্বিতীয় অবস্থানে থাকা ইসরায়েল পেয়েছে ৩৩১ কোটিরও বেশি ডলার। আর প্রায় ১৬৫ কোটি ডলার সহায়তা নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে জর্ডান। তালিকায় বাংলাদেশের অবস্থান ২০তম; এসেছে প্রায় ৩৯ কোটি ৪০ লাখ ডলার।

যুক্তরাষ্ট্র সরকারের বৈদেশিক সহায়তার তথ্যভান্ডার ফরেন অ্যাসিস্ট্যান্স ও পিউ রিসার্চ সেন্টারের তথ্য বিশ্লেষণ করে পাওয়া গেছে এই চিত্র। সংস্থা দুটির তথ্য অনুযায়ী, ২০২৫ অর্থবছরে বিভিন্ন দেশ ও খাতে ৪৭ দশমিক ৩ বিলিয়ন বা ৪ হাজার ৭৩০ কোটি ডলার সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে শান্তি ও নিরাপত্তা খাতে ৭৩১ কোটি, স্বাস্থ্য খাতে ১ হাজার ৯৩ কোটি, মানবিক সহায়তায় ৮৯৯ কোটি এবং অন্যান্য খাতে ২ হাজার ৭ কোটি ডলার সহায়তা দিয়েছে দেশটি।

রাশিয়ার সঙ্গে যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তার সবচেয়ে বড় গ্রহীতা ইউক্রেন। ২০২৫ অর্থবছরে ইউক্রেনের জন্য দেওয়া সহায়তার প্রায় ৫৬৯ কোটি ডলার ছিল সামরিকবহির্ভূত এবং প্রায় ১০১ কোটি ডলার সামরিক সহায়তা। ফলে মোট সহায়তা দাঁড়ায় প্রায় ৬৬৯ কোটি ৭০ লাখ ডলার।

তবে কোনো অর্থবছরে অর্থছাড় মানেই ওই বছরেই নতুন করে সহায়তা অনুমোদন করা হয়েছে—এমন নয়। আগের বছর অনুমোদিত অর্থও পরবর্তী অর্থবছরে ছাড় হতে পারে। ফলে ইউক্রেনের ২০২৫ সালের মোট অর্থছাড়কে পুরোপুরি ওই বছরের নতুন সহায়তা হিসেবে দেখার সুযোগ নেই।

ইসরায়েলের ক্ষেত্রে চিত্রটি ভিন্ন। ২০২৫ অর্থবছরে ইসরায়েল পেয়েছে প্রায় ৩৩১ কোটি ডলার, যার ৯৯ দশমিক ৮ শতাংশই ছিল সামরিক সহায়তা। জর্ডানের ১৬৫ কোটি ডলারের সহায়তার প্রায় ৭৪ শতাংশ ছিল সামরিকবহির্ভূত।

যুক্তরাষ্ট্রের সহায়তার শীর্ষ ১০ গ্রহীতার মধ্যে সাতটিই আফ্রিকার দেশ। চতুর্থ অবস্থানে থাকা ইথিওপিয়া পেয়েছে প্রায় ৯২ কোটি ডলার। এরপর গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ৭৫ কোটি ডলার, নাইজেরিয়া ৭৩ কোটি ডলার, সুদান ৭১ কোটি ডলার, কেনিয়া ৬৫ কোটি ডলার, মোজাম্বিক ৫৮ কোটি ডলার এবং উগান্ডা ৫১ কোটি ডলার পেয়েছে।

এই তালিকায় আরও রয়েছে দক্ষিণ সুদান, সোমালিয়া, পশ্চিম তীর ও গাজা, কলম্বিয়া, তানজানিয়া, লেবানন, আফগানিস্তান, জাম্বিয়া ও দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ ২০তম অবস্থানে রয়েছে।

ঠিকানা/এনআই
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]