দিল্লিতে টানটান উত্তেজনা, ধ্রুব রাঠি-অভিজিৎসহ আটক শত শত

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ১৪:৫৫ , অনলাইন ভার্সন
ভারতের রাজধানী দিল্লিতে নির্বাচন কমিশনবিরোধী বিক্ষোভ ঘিরে টানটান উত্তেজনা তৈরি হয়েছে। দেশটির প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেওয়ার আগেই জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি ও ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ শত শত বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। বিক্ষোভের অনুমতি না থাকা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কার কথা জানিয়েছে দিল্লি পুলিশ। অন্যদিকে, আয়োজকদের অভিযোগ, ভোটার তালিকা সংশোধন নিয়ে অনিয়মের প্রতিবাদ দমাতেই আগাম আটক অভিযান চালানো হয়েছে। 

১০ অক্টোবর (শনিবার) দিল্লির যন্তর মন্তরে এই বিক্ষোভের আয়োজন করা হয়েছিল। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে আপত্তি এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভূমিকার প্রতিবাদে কর্মসূচির ডাক দেয় সিজেপি। তবে দিল্লি পুলিশ আগে থেকেই কর্মসূচির অনুমতি না দেওয়ায় বিক্ষোভের আগে রাজধানীজুড়ে শুরু হয় ধরপাকড়। বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষকে আটক করা হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ সড়ক, মেট্রো স্টেশন ও রেল যোগাযোগে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সূত্র: রয়টার্স, এনডিটিভি, ইন্ডিয়া টুডে

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আজ শনিবার সকালে গুরুগ্রামের সেক্টর ৫৬ এলাকায় নিজের বাসা থেকে ধ্রুব রাঠিকে আটক করেছে পুলিশ। যন্তর মন্তরে সিজেপির বিক্ষোভে যোগ দিতে যাওয়ার কথা ছিল তার।

ধ্রুব রাঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন ও নরেন্দ্র মোদি সরকারের বিভিন্ন নীতি নিয়ে নিয়মিত আলোচনা করে থাকেন। সাম্প্রতিক সময়ে তিনি ভোটার তালিকা সংশোধন নিয়ে আপত্তি জানিয়ে সিজেপির কর্মসূচিতেও অংশ নিয়েছিলেন।

পুলিশের বক্তব্য অনুযায়ী, দিল্লিতে প্রস্তাবিত বিক্ষোভের অনুমতি ছিল না এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় আগাম ব্যবস্থা নেওয়া হয়। তবে সিজেপি ধ্রুব রাঠিসহ অন্যদের আটকের ঘটনায় নিন্দা জানিয়েছে। দলটির অভিযোগ, নির্বাচনসংক্রান্ত অনিয়ম নিয়ে প্রতিবাদ ঠেকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আটক ব্যক্তিদের অবিলম্বে ও নিঃশর্ত মুক্তির দাবিও জানিয়েছে তারা। 

এদিকে, বিক্ষোভের আগে পুলিশের আরেকটি পদক্ষেপ ঘিরে আলোচনা শুরু হয়েছে। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে দিল্লিতে পৌঁছানোর পর তাকে বহনকারী বিমানে প্রবেশ করে পুলিশ। সেখান থেকেই তাকে আটক করা হয়।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, দীপকে বিমানের ভেতর থেকে ইনস্টাগ্রামে সরাসরি সম্প্রচার করেন। ওই ভিডিওতে পুলিশ সদস্যদের বিমানে প্রবেশ করতে দেখা যায়। এ সময় তার সঙ্গে সিজেপির আরও দুই সদস্য সৌরভ দাস ও আশুতোষ রানকাকেও আটক করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ভিডিওতে দীপকেকে পুলিশ সদস্যদের উদ্দেশে বলতে শোনা যায়, বিমান থেকে নামার পরও তাকে আটক করা যেত। এ ঘটনায় কর্মসূচির আয়োজকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। অভিজিৎ দীপকে ও তার দলের সদস্যরা যন্তর মন্তরের বিক্ষোভে অংশ নিতে দিল্লি যাচ্ছিলেন। 

এদিকে, বিক্ষোভ ঠেকাতে রাজধানীর বিভিন্ন এলাকায় আগাম আটক অভিযান চালায় পুলিশ। দেশটির সংবাদমাধ্যমের একাধিক প্রতিবেদনে প্রায় ৪০০ বিক্ষোভকারীকে আটকের কথা বলা হয়েছে। অন্যদিকে, পুলিশের সূত্রের বরাতে দ্য প্রিন্ট জানিয়েছে, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ২০০ জনের মতো বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন জেলায় আরও অনেককে প্রতিরোধমূলক ব্যবস্থার আওতায় নেওয়া হয়।

এদিকে, বিক্ষোভ ঘিরে দিল্লির নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লিতে প্রায় ২৫ হাজার পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক, রেলস্টেশন, বাস টার্মিনাল এবং শহরে প্রবেশের পথগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। নিরাপত্তার অংশ হিসেবে ৪৫টি মেট্রো স্টেশনে প্রবেশ ও চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানে ব্যারিকেড বসানো হয়েছে এবং সন্দেহজনক চলাচলের ওপর নজর রাখতে ড্রোন ও সিসিটিভি ব্যবহার করা হচ্ছে। দিল্লির বিভিন্ন অংশে যান চলাচল নিয়ন্ত্রণ এবং কিছু ট্রেন বাতিলের খবরও প্রকাশিত হয়েছে। 

সিজেপির এই বিক্ষোভের কেন্দ্রে রয়েছে ভারতের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা যাচাই ও সংশোধন করা হচ্ছে। সিজেপি ও বিরোধীদের একাংশের অভিযোগ, সংশোধনের নামে বিপুলসংখ্যক ভোটারের নাম বাদ পড়েছে এবং এতে ভোটাধিকার ক্ষুণ্ন হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। বিক্ষোভকারীরা প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেছেন। তাদের বক্তব্য, ভোটার তালিকা প্রস্তুত ও সংশোধনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের স্বচ্ছতা এবং নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে।

তবে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগকে রাজনৈতিক বিতর্কের অংশ হিসেবে দেখা হচ্ছে। নির্বাচন কমিশন ও বিজেপি অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছে। তাদের বক্তব্য, ভোটার তালিকা নির্ভুল রাখতে যাচাই-বাছাই প্রয়োজন। মৃত, স্থানান্তরিত বা একাধিক জায়গায় নিবন্ধিত ভোটারদের তথ্য যাচাইয়ের মাধ্যমে তালিকা সংশোধন করা উচিত।

দিল্লি পুলিশ আগে থেকেই যন্তর মন্তরে প্রস্তাবিত কর্মসূচির অনুমতি দেয়নি। পুলিশ বলছে, প্রয়োজনীয় সময়ের মধ্যে অনুমতি চাওয়া হয়নি এবং বিক্ষোভ ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে।

অন্যদিকে, সিজেপি জানিয়েছে, তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে চায়। বিক্ষোভের আগে দলটি অংশগ্রহণকারীদের ব্যারিকেড ভাঙা, নিষিদ্ধ এলাকায় প্রবেশ, সহিংসতা এবং সরকারি-বেসরকারি সম্পত্তির ক্ষতি করা থেকে বিরত থাকার আহ্বান জানায়। 

কিন্তু কর্মসূচিতে যোগ দেওয়ার আগেই নেতাদের আটক করার ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। আয়োজকদের অভিযোগ, আগাম আটক ও চলাচলে বিধিনিষেধের মাধ্যমে প্রতিবাদের সুযোগ সীমিত করা হচ্ছে। অন্যদিকে, পুলিশ বলছে, অনুমতিহীন জমায়েত থেকে সম্ভাব্য বিশৃঙ্খলা ঠেকাতেই আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভারতে ভোটার তালিকা সংশোধন নিয়ে বিতর্ক নতুন নয়। তবে এবারের কর্মসূচিতে সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ ধ্রুব রাঠি এবং সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের আটকের ঘটনা বিষয়টিকে আরও আলোচনায় এনেছে।

ঠিকানা/এএস 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]