পানামায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ০২:৪০ , অনলাইন ভার্সন
মধ্য আমেরিকার দেশ পানামায় আঘাত হেনেছে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এতে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পের পর দেশটির বিভিন্ন এলাকায় ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। উপকূলীয় এলাকায় এক থেকে তিন মিটার উচ্চতার সুনামি ঢেউ আছড়ে পড়তে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কীকরণ ব্যবস্থা।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির প্রাথমিক মাত্রা ছিল ৭ দশমিক ৭। ভূমিকম্পের কেন্দ্রের কাছাকাছি এলাকায় একাধিক আফটারশকও অনুভূত হয়েছে।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনের ভিডিও যাচাই করে প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। ভিডিওতে দেখা গেছে, ভূমিকম্পের কেন্দ্র থেকে প্রায় ৭০ মাইল দূরে পেনোনোমে শহরের কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি গির্জার চূড়ার একাংশ ধসে পড়েছে। অন্য একটি ভবনের সামনের দেয়ালও ভেঙে পড়েছে।

ভূমিকম্পের পর পানামা সিটির গণপরিবহন ব্যবস্থা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। শহরের দুটি পাতালরেল পথে চলাচল স্থগিত করা হয়। কয়েকটি স্টেশন থেকে যাত্রীদেরও সরিয়ে নেওয়া হয়েছে। দেশটির শিক্ষা মন্ত্রণালয় দিনের বাকি সময়ের জন্য সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান বন্ধ ঘোষণা করেছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পানামার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরটিও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। ভূমিকম্পের প্রভাব সম্পর্কে তথ্য জানাতে তিনি দেশটির সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কীকরণ ব্যবস্থা জানিয়েছে, পানামার কয়েকটি উপকূলে এক থেকে তিন মিটার উচ্চতার সুনামি ঢেউ আছড়ে পড়তে পারে। এ ছাড়া ইকুয়েডর, চিলি, কলম্বিয়া, কোস্টারিকা, এল সালভাদর, গুয়াতেমালা, হন্ডুরাস, মেক্সিকো, নিকারাগুয়া ও পেরুর উপকূলেও অপেক্ষাকৃত কম উচ্চতার ঢেউ দেখা দিতে পারে।

চলতি বছর লাতিন আমেরিকায় এটি সর্বশেষ শক্তিশালী ভূমিকম্প। এর আগে গ্রীষ্মকালে ভেনেজুয়েলায় দুটি শক্তিশালী ভূমিকম্পে ৬ হাজার ৪০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একই সময়ে কলম্বিয়ায় ভূমিকম্পে প্রায় ৩০০ জনের মৃত্যু হয়।

ঠিকানা/এনআই
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]