কুইন্সে ১২ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে নাজিম উদ্দিন গ্রেপ্তার

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ০২:২৮ , অনলাইন ভার্সন
নিউইয়র্কের কুইন্সে ১২ বছর বয়সী এক কন্যাশিশুকে যৌন নির্যাতনের অভিযোগে ৭২ বছর বয়সী নাজিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে নিউইয়র্ক পুলিশ (এনওয়াইপিডি)। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে কুইন্স চাইল্ড অ্যাবিউজ স্কোয়াডের গোয়েন্দারা তাকে গ্রেপ্তার করেন। অভিযুক্ত ব্যক্তির হাতে আরও কেউ নির্যাতনের শিকার হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করছে পুলিশ। এ বিষয়ে জনসাধারণের সহযোগিতা চাওয়া হয়েছে।

নিউইয়র্কের সংবাদমাধ্যম পিক্স১১ ও এএম নিউইয়র্কের খবরে বলা হয়েছে, নাজিম উদ্দিন কুইন্সের ওজোন পার্ক এলাকার ৭৫তম স্ট্রিটের বাসিন্দা। তার বিরুদ্ধে যৌন নির্যাতন এবং শিশুর কল্যাণের জন্য ক্ষতিকর আচরণের অভিযোগ আনা হয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, গত ৮ সেপ্টেম্বর সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে কুইন্সের ৭৫তম স্ট্রিট ও ১০১তম অ্যাভিনিউয়ের কাছে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে শিশুটি যৌন নির্যাতনের শিকার হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনার প্রায় এক মাস পর তদন্তের ভিত্তিতে নাজিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে অভিযুক্ত ব্যক্তির সম্পর্ক কিংবা শিশুটির সঙ্গে তার পূর্বপরিচয় ছিল কি না, তা স্পষ্ট নয়। তদন্তের স্বার্থে ঘটনার বিস্তারিত প্রকাশ করেনি পুলিশ। অপ্রাপ্তবয়স্ক ভুক্তভোগীর পরিচয়ও গোপন রাখা হয়েছে।

তদন্তকারীদের ধারণা, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে একই ধরনের আরও অভিযোগ থাকতে পারে। এ কারণে অতীতে তার হাতে কেউ নির্যাতনের শিকার হয়ে থাকলে অথবা এ বিষয়ে কারও কাছে তথ্য থাকলে পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত অন্য কোনো ভুক্তভোগীর বিষয়ে নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি।

গ্রেপ্তারের পর নাজিম উদ্দিনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ নথিভুক্ত করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকালে তাকে কুইন্স ক্রিমিনাল কোর্টে হাজির করার কথা ছিল। তবে আদালতের কার্যক্রম, জামিন কিংবা পরবর্তী শুনানির বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

নিউইয়র্কে শিশুদের বিরুদ্ধে যৌন অপরাধের তদন্তে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত গোয়েন্দারা কাজ করেন। এ ধরনের ঘটনায় ভুক্তভোগীর নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা, মানসিক সহায়তা এবং আইনি সেবা দেওয়ার ব্যবস্থা রয়েছে। কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের বিশেষ ভুক্তভোগী বিভাগ ও চাইল্ড অ্যাডভোকেসি সেন্টার সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করে।

মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে। নতুন তথ্যপ্রমাণ পাওয়া গেলে তদন্তের পরিধি বাড়তে পারে। তবে নাজিম উদ্দিনের বিরুদ্ধে আনা অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি। আইন অনুযায়ী, দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত তিনি নির্দোষ হিসেবে বিবেচিত হবেন।

ঠিকানা/এনআই
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]