শিল্পীদের অনুদান দ্বিগুণ করলেন মামদানি

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ১১:৪১ , অনলাইন ভার্সন
নিউইয়র্ক সিটির শিল্পী ও ছোট অলাভজনক সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর জন্য সিটি-অর্থায়িত অনুদানের সর্বোচ্চ সীমা দ্বিগুণ করার ঘোষণা দিয়েছেন মেয়র জোহরান মামদানি। প্রায় দুই দশক পর অনুদানের সর্বোচ্চ সীমা ৫ হাজার ডলার থেকে বাড়িয়ে ১০ হাজার ডলার করা হয়েছে। পাশাপাশি যোগ্য অনুদানপ্রাপ্ত শিল্পীদের বিনামূল্যে শিল্পসামগ্রী দেওয়ার নতুন উদ্যোগও নেওয়া হয়েছে। ২ অক্টোবর মেয়র মামদানি, অর্থনৈতিক ন্যায়বিচারবিষয়ক ডেপুটি মেয়র জুলি সু এবং নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব কালচারাল অ্যাফেয়ার্সের কমিশনার দিয়া ভিজ এ ঘোষণা দেন। নতুন সিদ্ধান্তের ফলে পাঁচ বরোর চলচ্চিত্রনির্মাতা, নৃত্যশিল্পী, লেখক, চিত্রশিল্পী, সংগীতশিল্পীসহ বিভিন্ন শাখার শিল্পীরা সর্বোচ্চ ১০ হাজার ডলার পর্যন্ত অনুদানের জন্য আবেদন করতে পারবেন। নগর কর্তৃপক্ষ জানায়, গত দুই দশকে নিউইয়র্কে বাসাভাড়া, খাদ্য, শিশুসেবা ও অন্যান্য জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অথচ শিল্পীদের অনুদানের সর্বোচ্চ সীমা দীর্ঘদিন অপরিবর্তিত ছিল। নতুন সিদ্ধান্ত সেই সীমা বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার উদ্যোগ।
মেয়র মামদানি বলেন, অন্যান্য কর্মজীবী নিউইয়র্কবাসীর মতো শিল্পীরাও বাড়তি জীবনযাত্রার ব্যয়ের মুখোমুখি হচ্ছেন। অনুদানের পরিমাণ দ্বিগুণ করার ফলে শিল্পীদের নিউইয়র্কে বসবাস ও সৃজনশীল কাজ চালিয়ে যাওয়ার সুযোগ বাড়বে। ডিসিএলএ কমিশনার দিয়া ভিজ বলেন, গত ছয় মাসে পাঁচ বরোর শিল্পীদের সঙ্গে বিভিন্ন মতবিনিময় সভায় তাদের সমস্যা ও প্রয়োজনের কথা শোনা হয়েছে। অনুদান বৃদ্ধি এবং বিনামূল্যে শিল্পসামগ্রী দেওয়ার উদ্যোগ শিল্পীদের জন্য আরও কার্যকর সহায়তার প্রথম ধাপ।
ব্রুকলিন, ব্রঙ্কস, ম্যানহাটন ও কুইন্সে অনুদানের আবেদন ইতোমধ্যে শুরু হয়েছে। ব্রুকলিনে আবেদনের শেষ সময় ১১ অক্টোবর, ব্রঙ্কসে ৩০ অক্টোবর, ম্যানহাটনে ১২ নভেম্বর এবং কুইন্সে ১৭ নভেম্বর ২০২৬। স্ট্যাটেন আইল্যান্ডে আবেদন শুরু হবে নভেম্বর মাসে। শিল্পীদের নিজ নিজ বরোর সংশ্লিষ্ট সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন করতে হবে।
নগদ অনুদানের পাশাপাশি মেটেরিয়ালস ফর দ্য আর্টস (MFTA) কর্মসূচির আওতায় অনুদানপ্রাপ্ত শিল্পীদের বিনামূল্যে প্রয়োজনীয় শিল্পসামগ্রী দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। অক্টোবর থেকে প্রতি মাসের প্রথম সোমবার বিশেষ শপিং ডে আয়োজন করা হবে।
এদিকে নিউইয়র্কবাসীর জন্য শিল্প ও সংস্কৃতিতে প্রবেশাধিকার বাড়াতেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে মেট্রোপলিটন অপেরার সঙ্গে অংশীদারত্বের আওতায় আগে কখনো অপেরা না দেখা নিউইয়র্কবাসীর জন্য ৭০ হাজার বিনামূল্যের টিকিট দেওয়ার পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ও স্বল্পমূল্যের ব্রডওয়ে টিকিট দেওয়ার কর্মসূচিও রয়েছে।
পাঁচ বরোর সাংস্কৃতিক সংগঠনগুলো অনুদানের সীমা বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সময়ে এই সহায়তা শিল্পীদের নিউইয়র্কে থেকে শিল্পচর্চা অব্যাহত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নতুন সিদ্ধান্তের ফলে নিউইয়র্কের শিল্পীদের আর্থিক সহায়তা যেমন বাড়ল, তেমনি সৃজনশীল কাজের প্রয়োজনীয় উপকরণ পাওয়ার সুযোগও তৈরি হলো।
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]