নিউইয়র্ক কনস্যুলেটে ফি পরিশোধে নতুন নিয়ম

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ১১:০৫ , অনলাইন ভার্সন
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে স্বশরীরে উপস্থিত হয়ে কনস্যুলার সেবা নিতে আসা প্রবাসীদের জন্য ফি পরিশোধের পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। গত ১ অক্টোবর ২০২৬ থেকে কনস্যুলেটে সরাসরি সেবা গ্রহণের ক্ষেত্রে কনস্যুলার ফি আর মানি অর্ডার, ব্যাংক সার্টিফাইড চেক বা নগদ অর্থে পরিশোধ করা যাচ্ছে না। এ ক্ষেত্রে শুধু বৈধ ডেবিট অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে ফি পরিশোধ করতে হবে। গত ৩০ সেপ্টেম্বর কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন এ অর্থ পরিশোধব্যবস্থার কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ অক্টোবর থেকে স্বশরীরে উপস্থিত হয়ে যেকোনো কনস্যুলার সেবা নেওয়ার সময় নির্ধারিত ফি পরিশোধে মানি অর্ডার বা ব্যাংক সার্টিফাইড চেক গ্রহণ করা হবে না। নগদ অর্থেও ফি দেয়ার সুযোগ থাকবে না। ফলে কনস্যুলেটে সরাসরি সেবা নিতে আসা প্রত্যেক সেবাগ্রহীতাকে সঙ্গে করে একটি বৈধ ও সক্রিয় ডেবিট অথবা ক্রেডিট কার্ড আনতে হবে।
তবে ডাকযোগে পাঠানো আবেদনের ক্ষেত্রে এই পরিবর্তন প্রযোজ্য নয়। এ ধরনের আবেদনে আগের নিয়মেই মানি অর্ডার অথবা ব্যাংক সার্টিফাইড চেকের মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধ করা যাবে। অর্থাৎ, নতুন পেমেন্ট ব্যবস্থা শুধু কনস্যুলেটে স্বশরীরে উপস্থিত হয়ে সেবা গ্রহণের ক্ষেত্রে কার্যকর হয়েছে। নতুন নিয়মের কারণে পাসপোর্ট, ভিসা, নাগরিকত্ব, জন্মনিবন্ধন, নথি সত্যায়নসহ বিভিন্ন কনস্যুলার সেবা নিতে আসা প্রবাসীদের ফি পরিশোধের প্রস্তুতিতে পরিবর্তন আনতে হবে। বিশেষ করে যারা এতদিন মানি অর্ডার বা চেকের মাধ্যমে ফি পরিশোধ করে অভ্যস্ত, তাদের কনস্যুলেটে যাওয়ার আগে নতুন নিয়মটি খেয়াল রাখতে হবে। কনস্যুলেট কর্তৃপক্ষ সেবাগ্রহীতাদের নির্ধারিত সেবা নেয়ার আগে প্রয়োজনীয় কাগজপত্র ও ফি-সংক্রান্ত নির্দেশনা দেখে আসার অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে কনস্যুলেটে উপস্থিত হওয়ার সময় বৈধ ও সক্রিয় ডেবিট অথবা ক্রেডিট কার্ড সঙ্গে রাখার ওপর গুরুত্ব দেয়া হয়েছে। কনস্যুলেট জেনারেলের পক্ষ থেকে বলা হয়েছে, প্রবাসীদের জন্য আরো দক্ষ, সময়োপযোগী ও মানসম্পন্ন সেবা নিশ্চিত করার লক্ষ্যেই কনস্যুলার কার্যক্রমে এ আধুনিকায়ন করা হয়েছে। নতুন অর্থ পরিশোধব্যবস্থার মাধ্যমে সরাসরি সেবা গ্রহণের ক্ষেত্রে ফি সংগ্রহের প্রক্রিয়াকে আরো আধুনিক ও কার্যকর করার উদ্যোগ নেয়া হয়েছে।
নতুন নিয়ম বাস্তবায়নে সেবাগ্রহীতা ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল।

 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]