নিউইয়র্কে এমপি শকুর সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক এমপি এম এম শাহীনের আহ্বান

নারী ক্যাডেট কলেজ প্রতিষ্ঠায় উদ্যোগ নিন

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৩১ , অনলাইন ভার্সন
কুলাউড়ার ভবিষ্যৎ প্রজন্ম, বিশেষ করে মেয়েদের জন্য উচ্চমানের ও শৃঙ্খলাবদ্ধ শিক্ষা নিশ্চিত করতে একটি নারী ক্যাডেট কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) সাবেক সংসদ সদস্য ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন। তিনি বলেছেন, ব্যক্তি বা রাজনৈতিক মেয়াদের চেয়ে অনেক বেশি সময় ধরে একটি জনপদের ভাগ্য বদলে দিতে পারে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান। সেই বিবেচনায় কুলাউড়ায় একটি নারী ক্যাডেট কলেজ প্রতিষ্ঠা আগামী প্রজন্মের জন্য একটি স্থায়ী ও যুগান্তকারী অর্জন হতে পারে।
গত ৪ অক্টোবর রোববার রাতে নিউইয়র্কের উডসাইডে কুইন্স প্যালেসে যুক্তরাষ্ট্র সফররত মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকুকে দেওয়া এক সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এম এম শাহীন এ আহ্বান জানান।
কুলাউড়ার সাবেক জনপ্রতিনিধি হিসেবে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে এম এম শাহীন বর্তমান সংসদ সদস্য শওকতুল ইসলাম শকুর উদ্দেশে বলেন, কুলাউড়ার উন্নয়নে এমন কিছু কাজ হাতে নেওয়া প্রয়োজন, যার সুফল কয়েক বছর নয়, কয়েক প্রজন্ম ধরে মানুষ ভোগ করবে। সড়ক, অবকাঠামো কিংবা অন্যান্য উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি শিক্ষা ক্ষেত্রে বড় ও স্থায়ী প্রতিষ্ঠান গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেন তিনি।
তিনি বলেন, কুলাউড়ার মেয়েদের জন্য একটি মানসম্মত ক্যাডেট কলেজ প্রতিষ্ঠিত হলে তা শুধু একটি নতুন শিক্ষা প্রতিষ্ঠান হিসেবেই সীমাবদ্ধ থাকবে না; বরং এলাকার নারী শিক্ষার মানোন্নয়ন, নেতৃত্ব সৃষ্টি এবং মেধাবী শিক্ষার্থীদের সামনে নতুন সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নারী ক্যাডেট কলেজ প্রতিষ্ঠার দাবি নতুন নয় জানিয়ে এম এম শাহীন তার বক্তব্যে প্রায় দুই দশক আগের একটি ঘটনার স্মৃতিচারণ করেন।
তিনি বলেন, ২০০৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া কুলাউড়া সফরকালে তিনি সংসদ সদস্য হিসেবে কুলাউড়ায় একটি নারী ক্যাডেট কলেজ প্রতিষ্ঠার দাবি জানিয়েছিলেন। সাবেক প্রধানমন্ত্রী তাকে আশ্বস্ত করে বলেছিলেন, তিনি ক্ষমতায় এলে প্রস্তাবটি বাস্তবায়নের উদ্যোগ নেবেন। উল্লেখ্য, ২০০১-২০০৬ মেয়াদে বেগম খালেদা জিয়া ফেনী গার্লস ক্যাডেট কলেজ ও জয়পুরহাট ক্যাডেট কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। তিনি বলেন, এমন একটি ক্যাডেট কেেলজ প্রতিষ্ঠিত হলে কুলাউড়া দেশের একটি চিহ্নিত এলাকা হয়ে থাকবে। এছাড়া অর্থনৈতিক, সামাজিক এবং পর্যটনখাতে ব্যাপক উন্নয়ন হবে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই প্রয়োজনীয়তা এখনো শেষ হয়ে যায়নি; বরং জনসংখ্যা, শিক্ষার প্রসার এবং মেয়েদের উচ্চশিক্ষায় অংশগ্রহণ বৃদ্ধির কারণে এমন প্রতিষ্ঠানের প্রয়োজন আগের চেয়ে আরও বেড়েছে বলে তিনি মনে করেন।
সেই পুরোনো দাবিটি আবারও সামনে এনে তিনি বর্তমান সংসদ সদস্য শওকতুল ইসলাম শকুকে বিষয়টি সরকারের সংশ্লিষ্ট পর্যায়ে জোরালোভাবে উপস্থাপন করার আহ্বান জানান।
এম এম শাহীন বলেন, রাজনৈতিক নেতৃত্বের একটি বড় দায়িত্ব হলো এমন কিছু উদ্যোগ বাস্তবায়ন করা, যা ব্যক্তিগত বা দলীয় পরিচয়ের বাইরে গিয়ে এলাকার মানুষের দীর্ঘমেয়াদি স্বার্থ রক্ষা করে। একটি নারী ক্যাডেট কলেজ প্রতিষ্ঠা হলে ভবিষ্যতে কে সংসদ সদস্য কিংবা কে কোন রাজনৈতিক দলের নেতৃত্বে রয়েছেন—তার চেয়েও বড় হয়ে থাকবে প্রতিষ্ঠানটির অবদান।
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]