ড্রোন শোতে মেসিকে আবেগঘন বিদায়, ‘গ্রাসিয়াস, লিও’

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ১১:১৩ , অনলাইন ভার্সন
লিওনেল মেসি! শুধু একটি নাম নয়, ফুটবল ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়ের নাম। অসংখ্য রেকর্ড, ব্যক্তিগত অর্জন আর দলীয় সাফল্যে নিজেকে নিয়ে গেছেন কিংবদন্তির কাতারে। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয়ের দীর্ঘ অপেক্ষারও অবসান ঘটিয়েছেন তিনি। সেই মেসিই এবার জাতীয় দলের জার্সিতে শেষবারের মতো মাঠে নেমে পেরিয়ে গেলেন ক্যারিয়ারের আরেকটি আবেগঘন অধ্যায়। 

বিদায়ী ম্যাচেও ছিলেন নিজের চেনা ছন্দে। বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ে দুটি গোল করিয়েছেন সতীর্থদের দিয়ে, পাশাপাশি নিজেও করেছেন একটি গোল। আর ম্যাচ শেষে মনুমেন্টালে অপেক্ষা করছিল মেসিকে ঘিরে আরও বিশেষ এক বিদায়ী আয়োজন।

ম্যাচ শেষে মেসির হাতে স্মারক হিসেবে একটি বক্স তুলে দেন রেফারি। তবে খেলা শেষ হলেও মনুমেন্টালের গ্যালারি ছাড়েননি দর্শকেরা। প্রিয় তারকাকে শেষবারের মতো বিদায় জানাতে তারা অপেক্ষা করছিলেন বিশেষ এক মুহূর্তের জন্য।

একপর্যায়ে মনুমেন্টালের আকাশে শুরু হয় বর্ণিল ড্রোন শো। শত শত ড্রোনের আলোয় প্রথমে ফুটে ওঠে আর্জেন্টিনার পতাকা। এরপর আকাশে ভেসে ওঠে ‘মেসি, ১০’ লেখা। মুহূর্তেই উল্লাসে ফেটে পড়ে পুরো স্টেডিয়াম।

তবে সবচেয়ে আবেগঘন দৃশ্যটি আসে যখন ড্রোনগুলো মিলে আকাশে ফুটিয়ে তোলে ২০২২ বিশ্বকাপ হাতে মেসির ছবি। যে ট্রফির জন্য দীর্ঘ অপেক্ষার পর স্বপ্নপূরণ করেছিলেন আর্জেন্টাইন অধিনায়ক, বিদায়ের রাতেও সেই গৌরবময় স্মৃতিই ফিরে আসে মনুমেন্টালের আকাশে।

এরপর একে একে ড্রোনে ভেসে ওঠে ‘গ্রাসিয়াস, লিও’ ও ‘গ্রাসিয়াস আর্জেন্টিনা’ বার্তা। সবশেষে আকাশে ফুটে ওঠে মেসির মুখের অবয়ব।

মাঠের দৃশ্যও ছিল কম আবেগঘন নয়। সতীর্থদের মাঝে দাঁড়িয়ে চোখের পানি ধরে রাখতে পারেননি মেসি। অশ্রুসিক্ত এই কিংবদন্তিকে ঘিরে একে একে দাঁড়িয়ে পড়েন আর্জেন্টিনার খেলোয়াড়েরা। করতালিতে মেসিকে বিদায়ী সম্মান জানায় পুরো মনুমেন্টাল।

বিদায়ী ম্যাচে শুরু থেকেই নিজের ছাপ রেখেছিলেন মেসি। বেনিনের বিপক্ষে নিকোলাস ওতামেন্দি ও নিকো পাজকে দিয়ে দুটি গোল করানোর পর ৭১তম মিনিটে পেনাল্টি থেকে নিজেও গোল করেন তিনি।

আর্জেন্টিনার জার্সিতে নিজের শেষ ম্যাচে তাই মেসির নামের পাশে থাকল ১ গোল ও ২ অ্যাসিস্ট। ২০৮তম আন্তর্জাতিক ম্যাচে নেমে শেষ গোলটিও করে ফেললেন তিনি। আলবিসেলেস্তেদের হয়ে তার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হলো ১২৬ গোল ও ৭০ অ্যাসিস্ট নিয়ে।

ঠিকানা/এসআর
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]