​জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার

প্রকাশ : ২০২৬-১০-০১ ১৭:৩৮:০০ , অনলাইন ভার্সন
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। ১ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেল সাড়ে ৪টায় সংসদ ভবনের টানেলের নির্ধারিত স্থানে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংসদ সচিবালয়ের গণসংযোগ-১ শাখার পরিচালক মো. মনির হোসেন এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।

বার্তায় বলা হয়েছে, ‘স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ প্রেস ব্রিফিং করবেন আজ বিকেল ৪টা ৩০ মিনিটে সংসদ ভবনের টানেলের নির্ধারিত স্থানে।’

এর আগে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে গিয়ে তিনি নিজেই পদত্যাগপত্র জমা দেন। বিএনপির এ সংসদ সদস্যের পদত্যাগের এমন গুঞ্জনের মধ্যেই স্পিকারের জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা এসেছে।

এদিন দুপুরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম আলোচনায় আসে। ওই ঘটনায় ক্ষমতাসীন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতেই তাকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।

গত ২৪ সেপ্টেম্বর রাতে রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) গুঁড়িয়ে দেওয়ার ঘটনার পর মিষ্টির পদত্যাগের সম্ভাবনার বিষয়টি সামনে এসেছে। ওইদিন মধ্যরাতে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে।

ঘটনাটি নিয়ে সরকার ও বিএনপির পক্ষ থেকে তদন্তের কথা জানানো হয়েছে। রাড্ডার ঘটনায় মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ তদন্তাধীন বলে জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, তদন্তে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না।

ফেরদৌসী আহমেদ মিষ্টি ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। গতকাল রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপির ওই কমিটি বিলুপ্ত করা হয়েছে। কমিটি বিলুপ্তির পরপরই তার দল ও সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

ঠিকানা/এএস 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]