সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আইনি সহায়তা জোরদারে আইনমন্ত্রীর গুরুত্বারোপ

প্রকাশ : ২০২৬-০৯-৩০ ০২:১৪:০০ , অনলাইন ভার্সন
বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে তথ্য আদান-প্রদান এবং পারস্পরিক আইনি সহায়তা আরও জোরদারে গুরুত্বারোপ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। ২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) আবুধাবিতে অনুষ্ঠিত ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেসের সাইডলাইনে সংযুক্ত আরব আমিরাতের বিচার মন্ত্রী আবদুল্লাহ বিন সুলতান বিন আওয়াদ আল নুয়াইমির সঙ্গে সাক্ষাৎকালে আইনমন্ত্রী এ গুরুত্বারোপ করেন।

আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনমন্ত্রী কংগ্রেস আয়োজনের জন্য সংযুক্ত আরব আমিরাতের বিচারমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রায় ১২ লাখ বাংলাদেশি প্রবাসীকে আতিথেয়তা এবং দেশটির অর্থনৈতিক ও উন্নয়ন কর্মকাণ্ডে তাদের অবদানের সুযোগ করে দেওয়ার জন্য সংযুক্ত আরব আমিরাতের প্রতি ধন্যবাদ জানান।

এ সময় সংযুক্ত আরব আমিরাতের বিচারমন্ত্রী দেশটির উন্নয়ন কর্মকাণ্ডে প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাদের প্রশংসা ও কৃতজ্ঞতা জানান।

এ ছাড়া আইনমন্ত্রী সফররত বাংলাদেশ প্রতিনিধিদলের প্রতি উষ্ণ আতিথেয়তা ও চমৎকার ব্যবস্থাপনার জন্য সংযুক্ত আরব আমিরাতের বিচারমন্ত্রীর প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।

এই সাক্ষাৎকালে আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মো. খাদেম উল কায়েস, আইনমন্ত্রীর একান্ত সচিব মো. সাজ্জাদুর রহমানসহ বাংলাদেশ প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ঠিকানা/এএস
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]