আই ফোন কি গন্ধম ফল?

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ , অনলাইন ভার্সন
আইফোন একটি উন্নত প্রযুক্তিপণ্য। নিরাপত্তা, ক্যামেরা, প্রসেসিং ক্ষমতা, সফটওয়্যার সমর্থন কিংবা ইকোসিস্টেমের কারণে বিশ্বের কোটি কোটি মানুষের আকর্ষণ। অবশ্যই লোভনীয়। তাই বলে কি গন্ধম বা নিষিদ্ধ ফল? একটি আপেল বা আইফোনের অনেক দাম। কোনো কোনো পরিবারের কয়েক মাসের সঞ্চয়ের ব্যাপার। তখন এটি আর নিছক প্রযুক্তির ব্যাপার নয়। সামাজিক মর্যাদা, পারিবারিক সামর্থ্য, ভোগবাদের বিষয়। তাই বলে মৃত্যু বা হত্যারও কারণ? 
সামর্থ্য ও প্রয়োজন থাকলে যে কোনো দামি ফোন কেনা একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু সমস্যা অন্য কারণে। যখন একটি পণ্য প্রয়োজনের চেয়ে সামাজিক মর্যাদার প্রতীক হয়ে ওঠে এবং মানুষ নিজের সামর্থ্যরে বাইরে গিয়ে সেটি অর্জনের প্রতিযোগিতায় নামে। তা প্রযুক্তির সমস্যা? নাকি ‘ওর আছে, আমার কেন নেই?’— সেই সমস্যা? কোনো প্রযুক্তি পণ্য যখন মানুষের মর্যাদা নির্ধারণের জায়গা দখল করে, তখন বুঝতে হবে, সমস্যাটি প্রযুক্তি পণ্য বা আইফোনের নয়। সমস্যাটি সামাজিক ব্যারামের। প্রযুক্তির প্রসার রোধ বা আইফোন নিষিদ্ধ করা কোনো সমাধান নয়। প্রয়োজন হলো ডিজিটাল ও আর্থিক সচেতনতা তৈরি করা। একটা আইফোন হারালে আরেকটা কেনা যাবে। কুমিল্লার শিশু অপ্রতিম হারিয়েছে তার গোটা জীবন। সেই জীবন কি আর কেনা যাবে? 
মাত্র তেরো বছর বয়স, সপ্তম শ্রেণির ছাত্র। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান। লালমাই পাহাড়ের নির্জন এলাকায় মিলেছে তার নিথর দেহ। এ ঘটনায় তুহিন, আনাস ও ফাহিম নামে তিন তরুণকে আটক করা হয়েছে। তাদের বয়স ১৮ থেকে ২০। তদন্ত চলছে। তাই আদালতে অপরাধ প্রমাণের আগে তাদের কাউকেই কি খুনি বলা যায়? মায়ের আইফোনটি পুলিশ উদ্ধার করেছে অভিযুক্ত তুহিনের বাড়ি থেকে। দেশজুড়ে করুণ সংবাদ। অভিজ্ঞতা বলছে, এ নিয়ে শোক, আলোচনা, সমবেদনা থেমে যাবে অন্য বা আরো কোনো ঘটনার ভয়াবহতায়। ‘আইফোনের জন্য খুন’— শিরোনামটি সহজ এবং আকর্ষণীয়। কিন্তু সম্পূর্ণ বা যথার্থ কি?
পুলিশ এখনো খতিয়ে দেখছে আইফোনটি হত্যার একমাত্র উদ্দেশ্য ছিল কিনা, নাকি এর পেছনে অন্য কোনো কারণও ছিল। আরো প্রশ্ন— একটি শিশু কীভাবে এমন এক জগতের কিনারায় পৌঁছাল? বন্ধুত্ব, গ্যাং, মাদক আর অপরাধের ব্যাপকতা কোনদিকে ছুটছে? স্থানীয়ভাবে তুহিন ও ফাহিমের কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার কথা এসেছে। অপ্রতিমকেও তাদের সঙ্গে চলাফেরা করতে দেখেছে স্থানীয়রা। পরিবারের দিকেও আঙুল উঠছে। সন্তান কোথায় যায়, কার সঙ্গে মেশে, আচরণে কী বদলাচ্ছে, এসব বিষয়ে বাবা-মায়ের নজর ছিল? এসব প্রশ্ন উড়িয়ে দেয়া যায় না। তাই বলে হত্যাও ঠিক আছে? সব দোষও আইফোনের?
লেখক : সাংবাদিক-কলামিস্ট; ডেপুটি হেড অব নিউজ, বাংলাভিশন, ঢাকা।
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]