তারেক রহমানের সাক্ষাৎ পেতে যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীদের ভিড়

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০০:৫৯ , অনলাইন ভার্সন
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে এসে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে নিউইয়র্কের ম্যানহাটনে তাঁর অবস্থানরত হোটেল ‘গ্র্যান্ড হায়াত’-এর সামনে জড়ো হয়েছেন যুক্তরাষ্ট্র বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

তবে ব্যবস্থাপনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
স্থানীয় সময় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ম্যানহাটনের হোটেল গ্র্যান্ড হায়াত-এর সামনে নেতাকর্মীদের দীর্ঘ সারিতে অপেক্ষা করতে দেখা যায়। দূরদূরান্ত থেকে আসা নেতাকর্মীরা তাদের প্রিয় নেতাকে একনজর দেখা ও শুভেচ্ছা জানানোর উদ্দেশ্যে সেখানে সারিবদ্ধভাবে অবস্থান নেন।

তবে সাক্ষাৎ অনুষ্ঠানকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভ দেখা গেছে। সার্বিক ব্যবস্থাপনায় চরম বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনার অভিযোগ তুলেছেন উপস্থিত বিএনপি সমর্থকদের অনেকেই। অনেক নেতাকর্মী দূর থেকে এসেও দেখা করতে না পেরে অনুষ্ঠান আয়োজকদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন।

ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন নেতাকর্মী জানান, আয়োজকদের পক্ষ থেকে সঠিক সমন্বয় ও ন্যূনতম আন্তরিকতা থাকলে এ পরিস্থিতি এড়ানো যেত।

এক নেতা অসন্তোষ প্রকাশ করে বলেন, ‘বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন এই ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন। তিনি এ কাজে ব্যর্থ হয়েছেন। আমরা প্রিয় নেতার সঙ্গে দেখা করতে অনেক কষ্ট করে এসেছি। কিন্তু আয়োজকরা সঠিক নির্দেশনা বা সঠিক শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হয়েছেন। তাদের একটু আন্তরিকতা ও সঠিক পরিকল্পনা থাকলে অনুষ্ঠানটি অনেক সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হতো।’

উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে গত ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি জাতিসংঘের মূল অধিবেশনের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ এবং বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিচ্ছেন।

ঠিকানা/এনআই
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]