​ইরান যুদ্ধ কখন শেষ হবে, সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের : পেজেশকিয়ান

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ , অনলাইন ভার্সন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের অবসান কবে হবে তা সম্পূর্ণভাবে মার্কিন সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এ বছর শেষের আগেই এই সংঘাতের ইতি টানা সম্ভব কি না— এমন এক প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট জানান, ইরান দীর্ঘমেয়াদি যুদ্ধ চায় না। খবর রয়টার্সের। 

স্থানীয় সময় ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রচারিত ফক্স নিউজের ‘স্পেশাল রিপোর্ট উইথ ব্রেট বায়ার‘ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট এই বিস্ফোরক মন্তব্য করেন।

সাক্ষাৎকারে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, আমরা যুদ্ধ চালিয়ে যেতে চাই না। তবে যুদ্ধ বন্ধ করা হবে কি না, সেই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রেরই নেওয়া উচিত। এর আগে বুধবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণেও তিনি জোর দিয়ে জানান, মার্কিন সামরিক ও অর্থনৈতিক চাপের মুখে ইরান কখনোই নতি স্বীকার করবে না।

অন্যদিকে গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেন, যুদ্ধ বন্ধে কোনো সমঝোতায় না পৌঁছালে ইরানকে ‘ধ্বংস‘ করে দেওয়া হতে পারে। তবে একই সঙ্গে খুব দ্রুত একটি চুক্তিতে পৌঁছানোর ইঙ্গিতও দেন তিনি।

উল্লেখ্য, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালালে এ যুদ্ধের সূত্রপাত হয়। জবাবে ইরানও ইসরায়েল এবং মার্কিন ঘাঁটি ধারণকারী পারস্য উপসাগরীয় দেশগুলোতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি যৌথ হামলায় এ পর্যন্ত হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধ ঘোষণার অন্যতম লক্ষ্য হলো ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করা। তবে আন্তর্জাতিক পরমাণু অস্ত্র অসংযোজন চুক্তিতে (এনপিটি) অনুস্বাক্ষরকারী দেশ হিসেবে ইরান বারবার জানিয়ে এসেছে, তারা কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। শান্তিপূর্ণ বেসামরিক উদ্দেশ্যে পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের পূর্ণ অধিকার তাদের রয়েছে।

ঠিকানা/এএস 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]