জ্যামাইকায় প্রবাসীদের র‌্যালি

অজ্ঞাত স্থান থেকে নিখোঁজ নাকিবুলের ভিডিও বার্তা

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ , অনলাইন ভার্সন
নিউইয়র্কের কুইন্সে নিখোঁজ ১৬ বছর বয়সী বাংলাদেশি কিশোর নাকিবুল ইসলামের সন্ধানে জ্যামাইকায় একটি সমাবেশ হয়েছে। দীর্ঘদিন ধরে রাকিবুলের কোনো সন্ধান না পাওয়ায় তার পরিবার-স্বজনের পাশাপাশি নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতেও উদ্বেগ ক্রমেই বাড়ছে।
গত ১৮ সেপ্টেম্বর শুক্রবার  দুপুরে জুমার নাসাজের পর জ্যামাইকা মুসলিম সেন্টারে আয়োজিত এ সমাবেশে নাকিবুলকে নিরাপদে ঘরে ফিরিয়ে আনার আহ্বান জানানো হয়। কমিউনিটির বিভিন্ন ব্যক্তি ও সংগঠন এতে সংহতি প্রকাশ করে এবং নাকিবুলের সন্ধান পেতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করে।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, নাকিবুল ইসলাম গত ৩০ আগস্ট থেকে নিখোঁজ। তাকে সর্বশেষ ওই দিন ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটে কুইন্সের জ্যামাইকার ১৬৯তম স্ট্রিট এলাকায় হাঁটতে দেখা যায়। তার উচ্চতা প্রায় ৬ ফুট, ওজন আনুমানিক ১২০ পাউন্ড; চুল কালো এবং চোখ বাদামি।
নাকিবুলের নিখোঁজ হওয়ার পর প্রায় তিন সপ্তাহ পার হতে চলায় বাংলাদেশি কমিউনিটির মধ্যে উৎকণ্ঠা আরও তীব্র হয়েছে। বিশেষ করে একজন অপ্রাপ্তবয়স্ক কিশোর এতদিন ধরে নিখোঁজ থাকায় তার নিরাপত্তা ও শারীরিক অবস্থা নিয়ে পরিবার ও কমিউনিটির সদস্যরা গভীরভাবে উদ্বিগ্ন। 
সমাবেশে অংশ নেওয়া কমিউনিটি সদস্যরা নাকিবুলের ছবি ও নিখোঁজ হওয়ার তথ্য আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্ব দেন। সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি মসজিদ, ব্যবসাপ্রতিষ্ঠান ও বিভিন্ন কমিউনিটি নেটওয়ার্কে তথ্যটি পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়, যাতে সামান্য কোনো তথ্যও দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পৌঁছায়।
নাকিবুলকে কেউ দেখতে পেলে তাৎক্ষণিকভাবে ৯১১-এ ফোন করার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি তথ্য জানানো যাবে নিউইয়র্ক পুলিশের ১০৩ প্রিসিঙ্কট-এর ৭১৮-৬৫৭-৮১৮১ নম্বরে অথবা ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়টেড চিলড্রেন-এর ১-৮০০-ঞঐঊ-খঙঝঞ নম্বরে।
সমাবেশের আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, নাকিবুলের সন্ধান না পাওয়া পর্যন্ত পরিবারটির পাশে দাঁড়ানো এবং তার তথ্য যত বেশি সম্ভব মানুষের কাছে পৌঁছে দেওয়াই এখন কমিউনিটির অন্যতম প্রধান দায়িত্ব।
সমাবেশ পরিচালনা করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম দেলোয়ার। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন-বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সমাবেশের অন্যতম আয়োজক জাপনিৎ সিং, কমিউনিটি লিডার জে মোল্লা সানি, রাকিবুলের পিতা নজরুল ইসলাম, নিউইয়র্ক পুলিশের কমিউনিটি অ্যাফেয়ার্স ব্যুরোর ইন্সপেক্টর খন্দকার আব্দুল্লাহ, ১০৭ প্রিসিঙ্কটের এক্সিকিউটিভ অফিসার ক্যাপ্টেন আব্বাস প্রমুখ। 
সমাবেশে আয়োজকদের অন্যতম ভালোর নির্বাহী প্রধান শাহরিয়ার রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 
রাকিবুলের বাবা নজরুল ইসলাম ২২ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে ঠিকানাকে জানান, এখনো নাকিবুলের কোনো সন্ধান দিতে পারেনি পুলিশ। 
এর আগে সমাবেশ চলাকালে নজরুল ইসলাম জানান, নিখোঁজ হওয়ার পর অজ্ঞাত স্থান থেকে নাকিবুল মোবাইল ফোনে পরিবারের কাছে একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন। ভিডিওতে তাকে না খোঁজার জন্য বলা হয়েছে। এ বিষয়টি নজরুল ইসলাম পুলিশকেও জানিয়েছেন। 
নজরুল ইসলাম জানান, তার ছেলে নাকিবুল একজন ‘স্পেশালাইজড চাইল্ড’। এ কারণে তারা বেশী উদ্বিগ্ন হয়ে পড়েছেন। 
নাকিবুলের বাবা নজরুল ইসলামের গ্রামের বাড়ি সিলেটের বালাগঞ্জে।

ঠিকানা/শই
-

 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]