দেড় ঘণ্টা পর নিরাপদ ঘোষণা করলো পুলিশ

জাতিসংঘের কাছে পরিত্যক্ত স্যুটকেস ঘিরে আতঙ্ক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ , অনলাইন ভার্সন
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে বিশ্বনেতাদের উপস্থিতিতে কঠোর নিরাপত্তার মধ্যে ২২ সেপ্টেম্বর মঙ্গলবার ম্যানহাটনের মিডটাউন ইস্টে একটি পরিত্যক্ত স্যুটকেস ঘিরে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে প্রায় দেড় ঘণ্টা পরীক্ষা-নিরীক্ষার পর নিউইয়র্ক পুলিশ বিভাগ জানায়, বস্তুটি সন্দেহজনক নয় এবং এলাকাটি নিরাপদ।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রের বরাতে এনবিসি নিউজ জানায়, ২২ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল ৩টার কিছু আগে ইস্ট ৪৩ স্ট্রিট ও থার্ড অ্যাভিনিউয়ের কাছে ফুটপাতে একটি পরিত্যক্ত কালো স্যুটকেস নজরে আসে। স্থানটি ক্রাইসলার বিল্ডিংয়ের কাছে এবং জাতিসংঘ সদর দপ্তর থেকে মাত্র দুই অ্যাভিনিউ দূরে। এ সময় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে বহু দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান ম্যানহাটনে অবস্থান করছিলেন। 
পুলিশের একটি বিশেষ প্রশিক্ষিত কুকুর স্যুটকেসটির ভেতরে কিছু থাকার সংকেত দিলে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পুলিশের ইমাজেন্সি সার্ভিস ইউনিট ঘটনাস্থল ঘিরে ফেলে। পরে বোম্ব স্কোয়াডও সেখানে পৌঁছে স্যুটকেসটি পরীক্ষা করে। 
তদন্ত চলাকালে সেকেন্ড অ্যাভিনিউ থেকে লেক্সিংটন অ্যাভিনিউ পর্যন্ত ৪২, ৪৩ ও ৪৪ নম্বর স্ট্রিটের একাধিক অংশ যানবাহন ও পথচারীদের জন্য বন্ধ করে দেওয়া হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এলাকার একটি ভবনও খালি করা হয়। 
প্রায় ৯০ মিনিট পর পুলিশ জানায়, স্যুটকেসটি পরীক্ষা করে কোনো হুমকির প্রমাণ পাওয়া যায়নি। বস্তুটিকে ‘সন্দেহজনক নয়’ বলে ঘোষণা করার পর সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 
ঘটনাটি এমন সময় ঘটেছে যখন জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশন উপলক্ষে নিউইয়র্কে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা সমবেত হয়েছেন। অধিবেশনকে ঘিরে জাতিসংঘ সদর দপ্তর ও ম্যানহাটনের ইস্ট সাইডজুড়ে আগে থেকেই ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। চলতি বছরের সাধারণ পরিষদের অধিবেশন ২২ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। 

ঠিকানা/শই
-

 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]