​জ্বালানি খাতে সরকারের নীতিতে ধারাবাহিকতা বজায় থাকবে: পরিবেশ প্রতিমন্ত্রী

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩৯ , অনলাইন ভার্সন
৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের মানুষ ও সামগ্রিক রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় রাতারাতি কোনো পরিবর্তন আসেনি, ফলে জ্বালানি এবং তেল-গ্যাস খাতে সরকারের নীতিমালায় ধারাবাহিকতা বজায় থাকবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। ২১ সেপ্টেম্বর (সোমবার) দুপুরে যশোর জেলা প্রশাসকের সভাকক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা পরিস্থিতি ও চলমান উন্নয়ন কার্যক্রম সংক্রান্ত এক মতবিনিময় সভার বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, প্রথাগত তেল ও গ্যাসের পাশাপাশি সরকার নবায়নযোগ্য জ্বালানি বিশেষ করে সৌরবিদ্যুতের পরিধি উল্লেখযোগ্য হারে বাড়ানোর ওপর জোর দিচ্ছে। সরকারি বিভিন্ন দফতরের ভবনের ছাদে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে একদিকে যেমন জীবাশ্ম জ্বালানি সাশ্রয় হবে, অন্যদিকে পরিবেশবান্ধব টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।  

এ ছাড়া আসন্ন শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা জোরদার ও সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি। উৎসবমুখর পরিবেশে পূজা সম্পন্ন করতে স্থানীয় বেসামরিক প্রশাসন ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়নের কঠোর নির্দেশ দেন পরিবেশ প্রতিমন্ত্রী। 

ঠিকানা/এএস 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]