আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ , অনলাইন ভার্সন
রাজধানীর শেরেবাংলা নগরের আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ডিএমপির তেজগাঁও বিভাগের পুলিশের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারের ক্ষেত্রে কিছু আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এর আগে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খবর পেয়ে পুলিশ মানিক মিয়া অ্যাভিনিউয়ের ন্যাম ভবনের ৫ নম্বর বিল্ডিংয়ের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশ উদ্ধার করে। ওই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে থানায় নেওয়া হয়েছিল।

প্রসঙ্গত, চলতি বছরের জুলাই মাসে মরিয়ম খাতুনের সঙ্গে গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়। ভিডিওগুলো ছড়ানোর পর কয়েকজন সমর্থক এগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি বলে দাবি করে সামাজিক মাধ্যমে প্রচার চালান।

তবে পরদিন কয়েকটি ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান ভিডিওগুলো এআই দিয়ে তৈরি নয় বলে দাবি করে। এ নিয়ে বিতর্কের মধ্যেই গাজী নজরুল ইসলাম দাবি করেন, ভিডিওতে থাকা তরুণী তার দ্বিতীয় স্ত্রী এবং প্রথম স্ত্রীর সম্মতিতেই সম্প্রতি তাকে বিয়ে করেছেন।

তবে মরিয়ম খাতুনের একটি বায়োডাটা বা জীবনবৃত্তান্ত সামনে আসার পর বিষয়টি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়। দাবি করা বিয়ের তারিখের পাঁচ দিন পরের ওই বায়োডাটায় মরিয়মের বৈবাহিক অবস্থা ‘অবিবাহিত’ উল্লেখ ছিল।

এসব বিতর্কের পর গত ২২ জুলাই সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাংগঠনিক তদন্তে তার ‘নৈতিক স্খলন’ প্রমাণিত হওয়ায় দলটির গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কার ও একই সঙ্গে নির্বাচন কমিশনকে বিষয়টি অবগত করে জামায়াত।

ঠিকানা/এনআই
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]