​আগস্ট থেকে পাবনা-ঢাকা রেল চলাচল শুরু হবে : রেলমন্ত্রী

প্রকাশ : ২০ জুন ২০২৬, ১৯:১৭ , অনলাইন ভার্সন
ঢাকা-পাবনা রুটের জন্য লোকোমোটিভ প্রস্তুত আছে, আগামী মাসে (জুলাই) কিছু নতুন কোচ আসবে। আসলেই অগ্রাধিকার ভিত্তিতে আগামী আগস্টে পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রী রবিউল আলম। ২০ জুন (শনিবার) বিকেলে পাবনা সার্কিট হাউজ মিলনায়তনে সরকারি কর্মকর্তা ও সুধী সমাজের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

এ সময় মন্ত্রী বলেন, একে অপরের প্রতিপক্ষ হয়ে নয়, বরং মালিক-শ্রমিকদের সঙ্গে নিয়ে সমন্বিত উদ্যোগে পরিবহন সেক্টরে শৃঙ্খলা আনা হবে। এখানে কোনো বিশেষ শ্রেণিকে লালন করা হবে না, প্রাধান্য পাবে কেবলই জনস্বার্থ ও জনআকাঙ্ক্ষা। খুব দ্রুতই দেশে আন্তর্জাতিক মানের ‘মাল্টি-মোডাল’ যোগাযোগ ব্যবস্থা দৃশ্যমান হবে।

মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, চলতি বছরের আগস্টে দুটি রুটে নতুন করে ট্রেন চলাচল শুরু হবে। এরমধ্যে প্রথমে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচল। পরে চলাচল শুরু হবে ঢাকা-খুলনা সরাসরি ট্রেন। ইতোমধ্যে লোকোমোটিভ প্রস্তুত রয়েছে। দ্রুতই কোচ আসছে।

কাজিরহাট ফেরীঘাট স্থানান্তর প্রসঙ্গে তিনি বলেন, এটি বাস্তবায়ন করবার জন্য প্রাথমিক পর্যায়ে যে সমস্ত কার্যক্রম থাকে, সেটা ইতোমধ্যে চালু হয়েছে। ফিজিবিলিটি স্টাডি, ডিপিপি প্রণয়ন করা হয়েছে। এটি যেহেতু পাবনাবাসীর দাবি, এছাড়া এখানে বৃহত্তর বা জনস্বার্থ রয়েছে। ফলে বর্তমান সরকার দ্রুততম সময়ে এই প্রকল্প বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ।

এ সময় অন্যান্যের মধ্যে পাবনা সদর আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মন্ডল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সুফী উল্লাহসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

ঠিকানা/এএস 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]