সৌদি পাইপলাইন বন্ধের পর যুক্তরাষ্ট্রে ডিজেলের দামে নতুন রেকর্ড

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪ , অনলাইন ভার্সন
যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ১৪ সেপ্টেম্বর (সোমবার) দেশটিতে প্রতি গ্যালন ডিজেলের গড় দাম বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ২৩ ডলারে।

এত উচ্চ মূল্য আগে কখনো দেখা যায়নি। সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট পাইপলাইন বন্ধ ঘোষণা এবং হরমুজ প্রণালি নিয়ে আন্তর্জাতিক আলোচনা স্থগিত হওয়ার পর আজ বিশ্ববাজারে তেলের দামে বড় উল্লম্ফন ঘটেছে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি সর্বোচ্চ ১০৮ ডলার পর্যন্ত উঠেছে। মার্কিন অপরিশোধিত তেলও ১০৩ ডলার স্পর্শ করেছে। সম্প্রতি সৌদির এই পাইপলাইনে হামলার পরই মূল্যবৃদ্ধির এ ধাক্কা।

ইরানের সঙ্গে চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল প্রায় বন্ধের উপক্রম। এ অবস্থায় বিকল্প রপ্তানি পথ হিসেবে পাইপলাইনটির গুরুত্ব অনেক বেড়ে গিয়েছিল।

সৌদি জ্বালানি মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে পাইপলাইনটির কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। কবে আবার চালু হবে, সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য দেওয়া হয়নি। একই সময়ে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা বাব আল-মান্দেব প্রণালির ওপর নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করেছে। এতে বিশ্ববাণিজ্যের আরেকটি গুরুত্বপূর্ণ জলপথও ঝুঁকির মুখে পড়েছে। হরমুজ প্রণালি নিয়ে ইরান ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে নির্ধারিত বৈঠক রবিবার বিকেলে স্থগিত করা হয়।

ওমানের পররাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, সর্বসম্মত সিদ্ধান্তের স্বার্থে বৈঠকটি পিছিয়ে দেওয়া হয়েছে। তেহরান অবশ্য দাবি করেছে, রিয়াদের অনুরোধেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মেরিন ট্রাফিকের তথ্য বলছে, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল এখন খুবই কম। রবিবার মাত্র ১৪টি, শনিবার ১২টি, শুক্রবার ১১টি এবং বৃহস্পতিবার মাত্র ৯টি জাহাজ প্রণালিটি অতিক্রম করেছে। তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রে খুচরা জ্বালানির দামও লাফিয়ে বাড়ছে। সাধারণ পেট্রোলের গড় দাম সোমবার ৪ দশমিক ৩১ ডলারে উঠেছে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত সাধারণ জ্বালানির দাম ৪৫ শতাংশের বেশি বেড়েছে। অপরিশোধিত তেলের দাম বেড়েছে ৫০ শতাংশেরও বেশি। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে ডিজেল। ট্রাক, জাহাজ ও রেলপথে পণ্য পরিবহনে ডিজেলের ব্যবহার বেশি। অর্থনীতিবিদরা বলছেন, ডিজেলের এমন রেকর্ড মূল্যবৃদ্ধি শেষ পর্যন্ত প্রায় সব ধরনের পণ্যের দাম বাড়িয়ে দিতে পারে। কেপিএমজির প্রধান অর্থনীতিবিদ ডায়ান সোয়াঙ্ক সম্প্রতি এনবিসি নিউজকে বলেছেন, ডিজেলের বাড়তি খরচ বাজারের প্রায় সব পণ্য ও সেবার ওপর প্রভাব ফেলবে।

ঠিকানা/এএস
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]