মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৩:১৭ , অনলাইন ভার্সন
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বাংলা মার্কেটখ্যাত কোতারায়া এলাকায় অভিযান চালিয়ে ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। আটক ব্যক্তিদের মধ্যে ৪৩৯ জন পুরুষ ও ৩৩ জন নারী। রোববার (১৩ সেপ্টেম্বর) দেশটির সংবাদমাধ্যম নিউ স্ট্রেইট টাইমস-এর প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, স্থানীয় সময় রোববার ইমিগ্রেশন বিভাগসহ বিভিন্ন সরকারি সংস্থার পাঁচ শতাধিক কর্মকর্তা এই অভিযান চালান। অভিযানে আড়াই হাজারের বেশি সন্দেহভাজন বিদেশিকে তল্লাশি করা হয়। এর মধ্যে ৪৭২ জনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছে।

আটক ব্যক্তিদের মধ্যে ৩৬৪ বাংলাদেশি ছাড়াও মিয়ানমারের ৫৭, ফিলিপাইনের ৯, নেপালের ৮, ইন্দোনেশিয়ার ৭, পাকিস্তানের ৭, ভারতের ৬, চীনের ৩ এবং জিম্বাবুয়ে ও সৌদি আরবের একজন করে নাগরিক রয়েছেন।

কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বৈধ পরিচয়পত্র না থাকা, অনুমোদিত সময়ের বেশি মালয়েশিয়ায় অবস্থান, বৈধ অনুমতি ছাড়া কাজ করাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক হামশা ইঞ্জাউ বলেন, ‘সপ্তাহান্তে বিভিন্ন রাজ্য থেকে বিপুলসংখ্যক বিদেশি কুয়ালালামপুরে আসেন। তাদের অনেকেরই বৈধ ভ্রমণ নথি ও কাজের অনুমতি রয়েছে। তবে এবারের অভিযানে তল্লাশি চালানো আড়াই হাজারের বেশি বিদেশির মধ্যে ৪৭২ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।’

আটক ব্যক্তিদের যথাযথ তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ডিটেনশন ডিপোতে নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, মালয়েশিয়ার অভিবাসন আইন অনুযায়ী অবৈধভাবে অবস্থান করা কর্মী ছাড়াও তাদের নিয়োগকর্তা বা আশ্রয়দাতাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার বিশেষ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

ঠিকানা/এনআই
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]