‘ম্যানহাটান পাওয়ার ১০০’-এ নিউইয়র্কের তিন সরকারি হাসপাতাল-প্রধান

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৪৭ , অনলাইন ভার্সন
নিউইয়র্ক নগরীর প্রভাবশালী ব্যক্তিদের বার্ষিক তালিকা ‘ম্যানহাটান পাওয়ার ১০০’-এ স্থান পেয়েছেন নগরীর সরকারি স্বাস্থ্যব্যবস্থার তিন গুরুত্বপূর্ণ হাসপাতালের প্রধান। তারা হলেন মেট্রোপলিটন হাসপাতালের প্রধান নির্বাহী জুলিয়ান জন, হারলেম হাসপাতালের প্রধান নির্বাহী জর্জেস লেকন্তে এবং বেলভিউ হাসপাতালের প্রধান নির্বাহী ডা. এরিক ওয়েই।

নিউইয়র্কের রাজনীতি, সরকার ও জননীতি নিয়ে কাজ করা সংবাদমাধ্যম ‘সিটি অ্যান্ড স্টেট নিউইয়র্ক’ প্রকাশিত ২০২৬ সালের তালিকায় তিনজনকে যৌথভাবে ৬৪তম স্থানে রাখা হয়েছে। সরকারি স্বাস্থ্যব্যবস্থায় নেতৃত্ব, স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণ এবং বিশেষ করে দরিদ্র, প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর চিকিৎসাসেবায় ভূমিকার স্বীকৃতি হিসেবে তারা এ তালিকায় স্থান পেয়েছেন।

নিউইয়র্ক সিটি হেলথ অ্যান্ড হসপিটালস যুক্তরাষ্ট্রের বৃহত্তম নগর-পরিচালিত সরকারি স্বাস্থ্যব্যবস্থা। নিউইয়র্কের পাঁচটি বরোতে এর ১১টি হাসপাতাল রয়েছে। ম্যানহাটনে প্রতিষ্ঠানটির তিনটি গুরুত্বপূর্ণ হাসপাতাল মেট্রোপলিটন, হারলেম ও বেলভিউ। এই তিন প্রতিষ্ঠানের নেতৃত্বেই রয়েছেন জুলিয়ান জন, জর্জেস লেকন্তে ও ডা. এরিক ওয়েই।

জুলিয়ান জন : ইস্ট হারলেমে সমন্বিত স্বাস্থ্যসেবায় নতুন উদ্যোগ

মেট্রোপলিটন হাসপাতালের প্রধান নির্বাহী জুলিয়ান জন হাসপাতালটির কৌশলগত পরিকল্পনা ও সার্বিক পরিচালনায় নেতৃত্ব দিচ্ছেন। বিশেষ করে ইস্ট হারলেমের অভিবাসী, শ্রমজীবী ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবার চাহিদা পূরণে তার ভূমিকা গুরুত্ব পেয়েছে।

তার নেতৃত্বে শিশুদের বিকাশগত ও আচরণগত সমস্যা মোকাবিলায় একটি বিশেষায়িত শিশু বিকাশকেন্দ্র চালু হয়েছে। অটিজম, মনোযোগের ঘাটতি ও অতিসক্রিয়তা, শেখার সমস্যা এবং অন্যান্য বিকাশগত চ্যালেঞ্জে থাকা শিশুদের সমন্বিত চিকিৎসা ও সহায়তা দেওয়া হচ্ছে এই কেন্দ্রে।

হাসপাতাল প্রশাসনে তিন দশকেরও বেশি অভিজ্ঞ জুলিয়ান জন আর্থিক ব্যবস্থাপনা, পরিচালনা ও প্রাতিষ্ঠানিক কৌশল নির্ধারণে দীর্ঘদিন কাজ করেছেন। তার নেতৃত্বে মেট্রোপলিটন হাসপাতাল স্বাস্থ্যসেবায় সমতা, অন্তর্ভুক্তি ও জনকল্যাণের ক্ষেত্রেও জাতীয় পর্যায়ে বিভিন্ন স্বীকৃতি পেয়েছে। মানসিক স্বাস্থ্য, শিশু বিকাশ ও ক্যানসার চিকিৎসাসহ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবায় সবার সমান সুযোগ নিশ্চিত করার ওপর তিনি বিশেষ গুরুত্ব দিয়েছেন।

জর্জেস লেকন্তে : হারলেমের জনস্বাস্থ্যে দুই দশকের অভিজ্ঞতা

হারলেম হাসপাতালের প্রধান নির্বাহী জর্জেস লেকন্তে দুই দশকেরও বেশি সময় ধরে স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় যুক্ত। তার নেতৃত্বে চোখের জটিল রোগ, বিশেষ করে রেটিনার সমস্যার চিকিৎসায় অত্যাধুনিক অস্ত্রোপচার সেবা চালু করা হয়েছে।

একই সঙ্গে বন্দুক সহিংসতার শিকার মানুষের চিকিৎসা এবং সহিংসতার দীর্ঘমেয়াদি স্বাস্থ্যগত প্রভাব মোকাবিলায় বিভিন্ন কর্মসূচি পরিচালিত হচ্ছে। চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে দীর্ঘদিনের শ্রম-সংক্রান্ত আলোচনার ব্যবস্থাপনাতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

লেকন্তে হান্টার কলেজ থেকে বিজ্ঞানে স্নাতক এবং আলফ্রেড বিশ্ববিদ্যালয় থেকে জনপ্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি একজন নিবন্ধিত শ্বাসতন্ত্র চিকিৎসা বিশেষজ্ঞও। করোনা মহামারির কঠিন সময়ে প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি নিজের চিকিৎসাগত দক্ষতা কাজে লাগিয়ে সম্মুখসারির স্বাস্থ্যকর্মীদের সঙ্গে সরাসরি রোগীদের সেবায় অংশ নেন।

ডা. এরিক ওয়েই : ঐতিহাসিক বেলভিউতে চিকিৎসা ও ব্যবস্থাপনার সমন্বয়

ডা. এরিক ওয়েই বেলভিউ হাসপাতালের প্রধান নির্বাহী। একই সঙ্গে তিনি নিউইয়র্ক সিটি হেলথ অ্যান্ড হসপিটালসের জ্যেষ্ঠ সহসভাপতির দায়িত্ব পালন করছেন। ১৭৩৬ সালে যাত্রা শুরু করা বেলভিউ যুক্তরাষ্ট্রের প্রাচীনতম হাসপাতাল হিসেবে পরিচিত।

ডা. ওয়েই একজন জরুরি চিকিৎসা বিশেষজ্ঞ। হাসপাতাল পরিচালনার পাশাপাশি তিনি চিকিৎসাসেবা ও চিকিৎসাশিক্ষার সঙ্গেও সরাসরি যুক্ত। নিউইয়র্কের সরকারি স্বাস্থ্যব্যবস্থার ১১টি হাসপাতালের জরুরি বিভাগে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

তার নেতৃত্বে বেলভিউ হাসপাতালে চিকিৎসার মান, রোগীর নিরাপত্তা, কর্মীদের কল্যাণ এবং হাসপাতালের দীর্ঘমেয়াদি সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

স্বাস্থ্যকর্মীদের মানসিক সুস্থতা ও কর্মক্ষেত্রের চাপ মোকাবিলায়ও ডা. ওয়েই দীর্ঘদিন ধরে কাজ করছেন। তার প্রতিষ্ঠিত ‘হেল্পিং হিলারস হিল’ কর্মসূচির লক্ষ্য চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীর মানসিক চাপ, কর্মক্ষেত্রের ট্রমা ও অবসাদ মোকাবিলায় সহায়তা করা। কর্মসূচিটি পরবর্তীতে বিশ্বের বহু দেশে ছড়িয়ে পড়েছে এবং বিপুলসংখ্যক স্বাস্থ্যকর্মী এর আওতায় প্রশিক্ষণ পেয়েছেন।

ডা. ওয়েইয়ের কাজ এর আগেও জাতীয় পর্যায়ে বিভিন্ন স্বীকৃতি পেয়েছে। রোগীর নিরাপত্তা, চিকিৎসাসেবার মান এবং স্বাস্থ্যকর্মীদের কল্যাণে তার উদ্যোগ বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

‘সিটি অ্যান্ড স্টেট নিউইয়র্ক’ প্রতিবছর ‘ম্যানহাটান পাওয়ার ১০০’ তালিকার মাধ্যমে সরকার, রাজনীতি, ব্যবসা, স্বাস্থ্য, শিক্ষা ও নাগরিক সংগঠনসহ বিভিন্ন ক্ষেত্রে ম্যানহাটনের প্রভাবশালী ব্যক্তিদের তুলে ধরে। এবারের তালিকায় জুলিয়ান জন, জর্জেস লেকন্তে ও ডা. এরিক ওয়েইয়ের অন্তর্ভুক্তি নিউইয়র্কের সরকারি হাসপাতাল-ব্যবস্থায় তাদের নেতৃত্ব এবং নগরীর দরিদ্র ও ঝুঁকিপূর্ণ মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।

ঠিকানা/এনআই
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]