জাতিসংঘে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

প্রকাশ : ১৯ জুন ২০২৬, ০৭:৫৭ , অনলাইন ভার্সন
নিউইয়র্ক, ১৮ জুন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিতকরণ, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক ও টেকসই প্রত্যাবাসনের লক্ষ্যে আরও কার্যকর ও জোরালো আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত ২০২৬ সালের ইকোসক হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টের উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী সংঘাত, মানবিক সংকট এবং বাস্তুচ্যুত মানুষের সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের জন্য জবাবদিহিতা নিশ্চিত করা, সংঘাত প্রতিরোধে অধিক বিনিয়োগ বৃদ্ধি এবং মানবিক সহায়তা, শান্তি প্রতিষ্ঠা ও উন্নয়ন কার্যক্রমের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলা জরুরি।

তিনি নারী ও কিশোরীদের বিরুদ্ধে ক্রমবর্ধমান প্রযুক্তিনির্ভর হয়রানি, অনলাইন সহিংসতা ও অপব্যবহারের বিষয়টি বিশেষভাবে তুলে ধরেন। এ ধরনের নতুন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদার এবং একটি কার্যকর বৈশ্বিক প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার আহ্বান পুনর্ব্যক্ত করেন তিনি।

শামা ওবায়েদ ইসলাম বলেন, প্রযুক্তির অপব্যবহার নারীদের নিরাপত্তা, মর্যাদা এবং অংশগ্রহণের ক্ষেত্রে নতুন হুমকি সৃষ্টি করছে। এ সমস্যা মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত ও সময়োপযোগী উদ্যোগ প্রয়োজন।

বক্তব্যে তিনি বাংলাদেশের আশ্রয়শিবিরগুলোতে অবস্থানরত রোহিঙ্গা নারী ও কিশোরীদের ওপর চলমান অর্থায়ন সংকটের নেতিবাচক প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় শিক্ষা, স্বাস্থ্যসেবা, পুষ্টি এবং সুরক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে।

রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সহযোগিতা কামনা করে তিনি মিয়ানমারে অনুকূল পরিবেশ সৃষ্টি এবং রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান জানান।

জাতিসংঘ সদরদপ্তরে ইকোসক হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টের উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় বক্তব্য রাখছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

অনুষ্ঠানের ফাঁকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভিয়েতনামের উপ-পররাষ্ট্রমন্ত্রী ড. নগুয়েন মিন ভুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, শিক্ষা এবং বহুপাক্ষিক সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

দুই দেশের প্রতিনিধি দল জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আগ্রহ প্রকাশ করে। একই সঙ্গে বাংলাদেশ-ভিয়েতনাম সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে নিয়মিত সংলাপ ও সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

বিশ্লেষকদের মতে, জাতিসংঘের এই উচ্চপর্যায়ের ফোরামে বাংলাদেশের পক্ষ থেকে রোহিঙ্গা সংকট, আন্তর্জাতিক মানবিক আইন এবং প্রযুক্তিনির্ভর সহিংসতার মতো গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যু তুলে ধরা আন্তর্জাতিক অঙ্গনে দেশের অবস্থানকে আরও দৃশ্যমান করেছে।

ঠিকানা/এসআর
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]