মামদানির সমর্থনেই বদলে যাচ্ছে নিউইয়র্কের প্রাইমারি লড়াই

প্রকাশ : ১৮ জুন ২০২৬, ১৯:০৭ , অনলাইন ভার্সন
খুব বেশি দিন আগের কথা নয়, নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানিকে দুই প্রধান রাজনৈতিক দলের নেতারাই কঠোর সমালোচনার মুখে ফেলেছিলেন। কিন্তু দায়িত্ব গ্রহণের মাত্র ছয় মাসের মধ্যেই ৩৪ বছর বয়সী এই ডেমোক্রেটিক সমাজতান্ত্রিক নেতার রাজনৈতিক প্রভাব দ্রুত বাড়ছে।
বামপন্থী মহলে তিনি আগেই জনপ্রিয় ছিলেন। তবে এখন তিনি প্রশংসা পাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকেও। একই সঙ্গে একসময়কার সমালোচক নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর ক্যাথি হোকুলও তার প্রশংসা করছেন। আঞ্চলিক ক্রীড়া পুনর্জাগরণের অন্যতম মুখ হিসেবেও আবির্ভূত হয়েছেন তিনি।

নিউইয়র্কের প্রাইমারি নির্বাচনের মাত্র কয়েক দিন আগে মামদানি নিজের রাজনৈতিক প্রভাবের সীমা পরীক্ষা করছেন। লক্ষ্য—ডেমোক্রেটিক পার্টিকে নতুনভাবে রূপ দেওয়া, তা অঙ্গরাজ্যের রাজধানী অ্যালবানি হোক কিংবা ওয়াশিংটন। এজন্য দলের শীর্ষ নেতৃত্বের অবস্থানের বিরুদ্ধেও যেতে তিনি প্রস্তুত।

বৃহস্পতিবার ব্রুকলিনে ভোটারদের ভোটকেন্দ্রে আনার লক্ষ্যে আয়োজিত এক সমাবেশে যোগ দেবেন স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্স। সেখানে মামদানিও উপস্থিত থাকবেন। সমাবেশটির উদ্দেশ্য হলো মামদানির রাজনৈতিক আদর্শে বিশ্বাসী একদল প্রার্থীকে সামনে নিয়ে আসা, যাদের মধ্যে দুজন ডেমোক্রেটিক দলের বর্তমান নির্বাচিত প্রতিনিধিদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বার্নি স্যান্ডার্সের জ্যেষ্ঠ উপদেষ্টা ও মামদানির ঘনিষ্ঠ বন্ধু ফয়েজ শাকির বলেন, “তিনি বুঝতে পেরেছেন যে ডেমোক্রেটিক পার্টিকে আমূল পরিবর্তন করার সুযোগ এসেছে। বার্নির মতো তিনিও নেতৃত্বকে আক্রমণ করার জন্য এটি করছেন না। বরং তিনি বিশ্বাস করেন, যেসব প্রার্থীকে সমর্থন করছেন তাদের কাছে আরও উন্নত রাজনৈতিক দৃষ্টিভঙ্গি রয়েছে। প্রয়োজনে তিনি হার মেনেও সেই অবস্থানে অটল থাকবেন।”

মামদানির সমর্থিত প্রার্থীদের তালিকা
তবে মামদানির এসব সিদ্ধান্তে দলের মূলধারার নেতারা সন্তুষ্ট নন।
নিউইয়র্কের ১৩তম কংগ্রেসনাল জেলায়—যেখানে ম্যানহাটনের উত্তরাংশ ও ব্রঙ্কসের কিছু এলাকা রয়েছে—মামদানি ডেমোক্রেটিক কংগ্রেসম্যান আদ্রিয়ানো এস্পাইয়াতের পরিবর্তে রাজনৈতিক সংগঠক দারিয়ালিজা আভিলা শেভালিয়েরকে সমর্থন দিয়েছেন। এস্পাইয়াত বর্তমানে কংগ্রেশনাল হিস্পানিক ককাসের চেয়ারম্যান।

এছাড়া নিউইয়র্কের ১০তম জেলায় বর্তমান কংগ্রেসম্যান ড্যান গোল্ডম্যানের বিরুদ্ধে সাবেক সিটি কম্পট্রোলার ব্র্যাড ল্যান্ডারকে সমর্থন করছেন তিনি। সপ্তম জেলায় বিদায়ী কংগ্রেসওম্যান নিডিয়া ভেলাজকেজের মনোনীত উত্তরসূরির বিরুদ্ধে ডেমোক্রেটিক সমাজতান্ত্রিক অ্যাসেম্বলি সদস্য ক্লেয়ার ভালদেজের পক্ষেও অবস্থান নিয়েছেন মামদানি।

বৃহস্পতিবারের সমাবেশে মামদানির সমর্থিত এসব প্রার্থীর পাশাপাশি অঙ্গরাজ্যের অ্যাসেম্বলি নির্বাচনের কয়েকজন প্রার্থীও অংশ নেবেন।

ক্লেয়ার ভালদেজের মতে, এই নির্বাচন মূলত সেই রাজনৈতিক আন্দোলনকে এগিয়ে নেওয়ার লড়াই, যার সূচনা করেছিলেন মামদানি।

তিনি বলেন, “দলের নেতৃত্ব যেভাবে কাজ করছে এবং ট্রাম্পের বিরুদ্ধে যথেষ্ট দৃঢ় অবস্থান নিতে পারছে না, তাতে মানুষের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে। গত বছর মেয়র নির্বাচনে মামদানি যেভাবে ভোটারদের উজ্জীবিত করেছিলেন, এখন সেই শক্তিকে এগিয়ে নেওয়ার সময়।”

ভালদেজ আরও বলেন, “আমি ওয়াশিংটনে জোহরানের একজন রাজনৈতিক সহযোগী হয়ে কাজ করতে চাই।”

তার প্রতিদ্বন্দ্বী ব্রুকলিন বরো প্রেসিডেন্ট আন্তোনিও রেইনোসো অবশ্য মনে করেন, বিদায়ী প্রতিনিধির সমর্থন থাকা সত্ত্বেও তিনি নিজেকে এখন আন্ডারডগ বা পিছিয়ে থাকা প্রার্থী হিসেবে দেখছেন।

তিনি বলেন, “মামদানির জনপ্রিয়তা এক ধরনের তারকাখ্যাতিতে পরিণত হয়েছে, যা আমার জীবদ্দশায় খুব কমই দেখেছি। তিনি আগামী বহু বছর আমাদের রাজনৈতিক চ্যাম্পিয়ন হয়ে থাকবেন। তিনি কাউকে সমর্থন করলে সেটি সত্যিই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।”

রেইনোসো আরও বলেন, “আমার বিশ্বাস, মানুষ আমার কাজ দেখেছে এবং জানে আমি একজন প্রগতিশীল নেতা। অন্য যেকোনো পরিস্থিতিতে এই নির্বাচনে আমি ফেভারিট থাকতাম। কিন্তু মামদানির সমর্থন পুরো সমীকরণ বদলে দিয়েছে।”

গাজা যুদ্ধ ও জীবনযাত্রার ব্যয়
মামদানির সমর্থিত প্রার্থীরা বেশিরভাগ গুরুত্বপূর্ণ ইস্যুতেই একমত হলেও কিছু ক্ষেত্রে সামান্য মতপার্থক্য রয়েছে।

বিশেষ করে গাজা যুদ্ধের বিষয়টি তাদের প্রচারণায় বড় ভূমিকা রাখছে। ল্যান্ডার, ভালদেজ ও আভিলা শেভালিয়ের অভিযোগ করেছেন, তাদের ডেমোক্রেটিক প্রতিদ্বন্দ্বীরা ইসরায়েলের প্রতি অতিমাত্রায় নমনীয় অবস্থান নিয়েছেন।

তারা ইসরায়েলি নেতৃত্বের বিষয়ে মামদানির ধারাবাহিক সমালোচনামূলক অবস্থানের প্রতিধ্বনি করছেন এবং মনে করছেন, এ ইস্যুটি এবারের নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে।

একই সঙ্গে নিউইয়র্কের উচ্চ জীবনযাত্রার ব্যয়কে কেন্দ্র করে প্রচারণা চালাচ্ছেন তারা। নিজেদের নতুন মুখ হিসেবে তুলে ধরে বলছেন, তারা বড় করপোরেট বা প্রভাবশালী ব্যবসায়িক গোষ্ঠীর কাছে দায়বদ্ধ নন।

ওয়াশিংটনের দৃষ্টিভঙ্গি
য়াশিংটনে ডেমোক্রেটিক নেতাদের অনেকেই বিস্মিত যে মামদানি এখন আর আগের মতো দলের জন্য রাজনৈতিক বোঝা নন, বিশেষ করে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনী এলাকাগুলোতে।

তবে তার সমর্থন দলীয় অভ্যন্তরীণ বিভাজনও বাড়িয়েছে। মধ্যপন্থী ডেমোক্রেটদের একটি অংশ আশঙ্কা করছে, তার অতিবামপন্থী ভাবমূর্তি শেষ পর্যন্ত পুরো দলের জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

প্রতিনিধি পরিষদে ডেমোক্রেটিক নেতা হাকিম জেফরিজও মামদানি-সমর্থিত সমাজতান্ত্রিক প্রার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তিনি বর্তমান ডেমোক্রেটিক প্রতিনিধিদের সমর্থন ও প্রচারণায় অংশ নিচ্ছেন।

তবে জেফরিজ ও মামদানি প্রকাশ্যে পরস্পরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি এড়িয়ে চলেছেন, যাতে রিপাবলিকানদের হাতে ডেমোক্রেটিক বিশৃঙ্খলার নতুন কোনো অস্ত্র তুলে না দেওয়া হয়।

ডেমোক্রেটিক কৌশলবিদ অ্যান্টজুয়ান সিওরাইট বলেন, “দলের ভেতরে যেসব বিষয়ে ঐকমত্য আছে সেগুলো জোরালোভাবে তুলে ধরা এবং যেসব বিষয়ে মতপার্থক্য আছে সেগুলো নীরবে সামলানো—মামদানি ও জেফরিজ দুজনেই এই বাস্তবতা বোঝেন।”

জেফরিজের ঘনিষ্ঠদের মতে, মামদানি ডেমোক্রেটিক ভোটারদের নতুন করে উজ্জীবিত করতে পেরেছেন এবং এমন কিছু মানুষের কাছেও পৌঁছাতে সক্ষম হয়েছেন, যারা রাজনীতির প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছিলেন।

রিপাবলিকানদের কৌশল
অন্যদিকে রিপাবলিকানরা মামদানির জনপ্রিয়তাকে নিজেদের রাজনৈতিক কৌশলে ব্যবহার করতে চায়।

জাতীয় পর্যায়ের প্রচারণায় তাকে আগের মতো প্রধান ইস্যু না করলেও রিপাবলিকান কৌশলবিদরা ক্যালিফোর্নিয়া, কলোরাডো ও উইসকনসিনের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনগুলোতে ডেমোক্রেট প্রার্থীদের সঙ্গে মামদানির নাম জড়িয়ে দেখানোর চেষ্টা করছেন।

তাদের ধারণা, নিউইয়র্ক ও নিউ জার্সির গুরুত্বপূর্ণ কংগ্রেসনাল আসনগুলোতেও মামদানির প্রভাব বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে।

ন্যাশনাল রিপাবলিকান কংগ্রেসনাল কমিটির মুখপাত্র মাইক মারিনেলা বলেন, “জোহরান মামদানির সমাজতান্ত্রিক ব্র্যান্ড অত্যন্ত বিতর্কিত। এমন সময়ে, যখন ডেমোক্রেটদের কোনো সুস্পষ্ট নেতা বা বার্তা নেই, তখন তিনি এমন একটি চরিত্র, যার মাধ্যমে আমরা দেখাতে পারি দলটিকে আসলে কে নেতৃত্ব দিচ্ছে এবং তারা কতটা চরমপন্থী নীতিকে সমর্থন করছে।”

তবে বার্নি স্যান্ডার্সের উপদেষ্টা ফয়েজ শাকির এসব সমালোচনাকে গুরুত্ব দিচ্ছেন না।

তিনি বলেন, “দেশজুড়ে সমাবেশে বার্নি প্রায় প্রতিটি বক্তৃতাতেই মামদানির কথা উল্লেখ করেন। আর তখনই জনতা উচ্ছ্বসিত হয়ে ওঠে। তিনি মোটেও রাজনৈতিক বোঝা নন; বরং ক্রমেই শক্তিশালী রাজনৈতিক সম্পদে পরিণত হচ্ছেন।” সূত্র : এএফপি

ঠিকানা/এসআর
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]