বেগম খালেদা জিয়ার জন্মদিন উদযাপন

প্রকাশ : ২১ অগাস্ট ২০২৬, ১০:৪১ , অনলাইন ভার্সন
যুক্তরাষ্ট্র বিএনপির শীর্ষস্থানীয় নেতাকর্মী ও সাধারণ প্রবাসীদের উদ্যোগে নিউইয়র্কের জ্যাকসন হাইটস, ব্রুকলিন এবং ব্রঙ্কসে পৃথক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে গত ১৫ আগস্ট শনিবার এসব কর্মসূচির আয়োজন করা হয়। 
প্রবাসীদের প্রধান বাণিজ্যিক কেন্দ্র জ্যাকসন হাইটসের স্থানীয় একটি মিলনায়তনে এবং জ্যাকসন হাইটস মসজিদে কেন্দ্রীয়ভাবে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এখানে মূলধারার যুক্তরাষ্ট্র বিএনপি, যুবদল ও জাসাসের নেতাকর্মীরা একযোগে অংশগ্রহণ করেন। 
ব্রুকলিনের চার্চ-ম্যাকডোনাল্ড ও তৎসংলগ্ন বাংলাদেশি অধ্যুষিত এলাকার একটি মসজিদে আসর ও মাগরিবের নামাজের পর মিলাদ অনুষ্ঠিত হয়।
ব্রঙ্কসের স্থানীয় স্টারলিং এভিনিউ এলাকার মসজিদেও প্রবাসী নেতাকর্মী ও সাধারণ ওলামা-মাশায়েখদের দোয়া মাহফিলগুলোতে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, নিউইয়র্ক স্টেট বিএনপি এবং মহানগরের বর্তমান আহ্বায়ক ও সদস্য সচিবসহ বিভিন্ন স্তরের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। 
মোনাজাতের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় নেতারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার এবং তাঁর আপসহীন নেতৃত্বের ইতিহাস স্মরণ করেন। নেতারা উল্লেখ করেন, তাঁর প্রয়াণের পর এটিই প্রথম জন্মবার্ষিকী, তাই প্রবাসে কোনো উৎসব বা কেক কাটার আয়োজন না করে সম্পূর্ণ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে শুধু দোয়া মাহফিল করা হচ্ছে।
মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং জান্নাতুল ফেরদাউস নসিবের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়।
বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ছোট ছেলে আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করেও দোয়া করা হয়।
দলীয় নেতাকর্মী ও প্রবাসীরা বিএনপির বর্তমান শীর্ষ নেতৃত্ব এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলের শক্তি বৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন। 
দলীয় নেতাকর্মীদের বাইরেও সাধারণ প্রবাসী বাংলাদেশিরা ব্যাপক সংখ্যায় এই দোয়া অনুষ্ঠানগুলোতে শরিক হন। বিশেষ করে জোহরের নামাজ এবং আসরের নামাজের পর মসজিদগুলোতে সাধারণ মুসল্লিদের উপস্থিতিতে এই বিশেষ মোনাজাত সম্পন্ন হয়। 
নিউইয়র্ক স্টেট বিএনপি : বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ১৫ আগস্ট শনিবার নিউইয়র্ক স্টেট বিএনপি কর্তৃক দোয়া মাহফিরের পর তবারক বিতরণ করা হয়। নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় এ মাহফিলে সভাপতিত্ব করেন স্টেট বিএনপির সভাপতি অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান।
সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় বিএনপির সদস্য গিয়াস আহমেদ বেগম খালেদা জিয়ার জীবন ও কর্মের আলোকপাত করেন। তিনি বলেন, খালেদা জিয়া ছিলেন সত্যিকার অর্থেই একজন দেশপ্রেমিক-রাজনীতিক। জনগণের অধিকারের প্রশ্নে তিনি কখনোই আপস করেননি। মহিয়সী এই রমণীর আদর্শ ধারণ করেই আমাদেরকে সম্মুখে এগিয়ে যেতে হবে।
মাহফিলে অতিথির মধ্যে আরো ছিলেন সাবেক যুক্তরাষ্ট্র বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোরুল ইসলাম, নিয়াজ আহমেদজুয়েল, আরোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক রইচ উদ্দিন, স্টেট বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বদরুল হক আজাদ, আমিনুল ইসলাম চৌধুরী, দেওয়ান কাউসার, সাবেক যুগ্ম আহ্বায়ক হাজী আনিসুর রহমান, কাজী আসাদউজ্জামান, আশরাফ হোসেন, এম এ কাইয়ুম, শ্রমিক দলের সভাপতি এ এম জাহাঙ্গীর, আবুল কালাম প্রমুখ।
নিউজার্সি থেকে সংবাদদাতা জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিউজার্সি সিটি কমিটির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে সেমিনার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ১৪ আগস্ট শুক্রবার প্যাটারসনের বিএনপি কার্যালয়ে ‘আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়।
প্যাটারসন সিটি বিএনপির সভাপতি মাছুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনার পরিচালনা করেন সিটি বিএনপি নেতা তালহা সিদ্দিকী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউজার্সি স্টেট বিএনপির সভাপতি সৈয়দ জুবায়ের আলী। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন নিউজার্সি স্টেট বিএনপির প্রধান উপদেষ্টা আলাউর খন্দকার।
বিশেষ অতিথি ছিলেন নিউজার্সি স্টেট বিএনপির সাধারণ সম্পাদক হোসেন পাঠান বাচ্ছু, সিনিয়র সহসভাপতি অধ্যাপক নিপন চৌধুরী, উপদেষ্টা সদস্য মাস্টার সমির উদ্দিন ও অ্যাডভোকেট মুক্তাদির হোসেন, সহসভাপতি মো. খলিল, কামরান হাদী ও এবাদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জয়নুল হক এবং যুগ্ম সম্পাদক জুয়েল আহমেদ, রহমত হোসেন রকিব ও তাজ উদ্দিন।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সিটি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সেবুল উদ্দিন খান।
অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপি নেতা লুকমান হোসেন, স্টেট বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফরিদ পাঠান, সিটি বিএনপির সহসভাপতি সুমন, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া খান, সহসভাপতি হাসান আহমদ ও রবিন হালিম, বদরুল হোসেন, রেজোয়ান আহমেদ, রুহিত ইসলাম সায়েম, মাতুল আলী কুয়ালদি, আমির হোসেন, এম এ মাছুম, সেবুল উদ্দিন খান, মুহিব উদ্দিন ও বদরুল ইসলামসহ অন্যরা।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও সমৃদ্ধির সংগ্রামে তিনি দীর্ঘ সময় নেতৃত্ব দিয়েছেন। দীর্ঘ রাজনৈতিক পথচলায় বিএনপি একটি গণতান্ত্রিক দল হিসেবে যে অবস্থান তৈরি করেছে, তার পেছনে বেগম খালেদা জিয়ার ত্যাগ, সংগ্রাম ও আপসহীন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাঁর আদর্শ ও রাজনৈতিক প্রেরণা দলের নেতা-কর্মীদের ভবিষ্যৎ পথচলায়ও অনুপ্রেরণা জোগাবে বলে বক্তারা উল্লেখ করেন।
সেমিনার শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
জর্জিয়ার আটলান্টা থেকে মোহাম্মদ আব্দুল আউয়াল জানান, জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির জর্জিয়া শাখার উদ্যোগে দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
গত ১৭ আগস্ট সোমবার আটলান্টায় বিএনপির পার্টি অফিসে এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটলান্টা বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আলী খান লোদী। অনুষ্ঠান পরিচালনা করেন জর্জিয়া বিএনপির সাধারণ সম্পাদক মামুন শরীফ আমজাদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। পরে শেখ রফিকুজ্জামান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এ সময় প্রয়াত বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশ, জাতি ও বাংলাদেশের মানুষের কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
আলোচনা সভায় জর্জিয়া বিএনপির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন মোহাম্মদ আলী সজল, মো. রহমান, আজাদ আলী, আলী আলম সোহাগ, রায়হান আহমেদ রাহি, শহিদুল ইসলাম ঠান্ডা, বেলায়েত হোসেন রতন, সাইফুল ইসলাম, এস এম রেজাউল হক ও সৌরভ চৌধুরীসহ আরও অনেকে।
বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর ভূমিকা, আপসহীন নেতৃত্ব এবং দেশ ও জাতির জন্য তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে বেগম খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ আলী খান লোদী বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে আপসহীন নেতৃত্ব দিয়েছেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।”
জর্জিয়া বিএনপির সাধারণ সম্পাদক মামুন শরীফ আমজাদ বলেন, বেগম খালেদা জিয়া যে নীতি, নৈতিকতা ও আদর্শ ধারণ করে নেতৃত্ব দিয়েছেন, আমরা যদি সেই আদর্শ নিজেদের মধ্যে ধারণ করতে পারি, তাহলে দেশ ও জাতি উপকৃত হবে।”
অনুষ্ঠানে জর্জিয়া বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি বাংলাদেশি কমিউনিটির বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]