কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত আরও ২ বাংলাদেশির পরিচয় শনাক্ত

প্রকাশ : ২০ অগাস্ট ২০২৬, ০২:৫৪ , অনলাইন ভার্সন
ভারতের কলকাতায় নিউমার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে আরও ২ বাংলাদেশির পরিচয় শনাক্ত করা গেছে। পরিচয় নিশ্চিত হওয়া ওই ২ জন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাসিন্দা। বুধবার (১৯ আগস্ট) রাত ১০টার দিকে এলাকায় খবর পৌঁছানোর পর ঘটনাটি নিশ্চিত করেছেন তার পরিবারের সদস্যরা।

নিহত আলিমুজ্জামান সাজু (৪৫) কালিগঞ্জের তারালী ইউনিয়নের বরেয়া গ্রামের মৃত. ইউনুচ সরদারের ছেলে। তিনি পেশায় একজন ঘের ব্যবসায়ী। অপরজন একই উপজেলার বাসিন্দা রেবতী সরকার। তবে তার বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

নিহতের নিকটাত্নীয় মোখলেছুর রহমান পল্টু জানান, কোমরে ব্যথার জন্য চিকিৎসক দেখাতে ৫-৬ দিন আগে সাজু ভারতে যান। বুধবার বাড়িতে ফিরে আসার কথা ছিল। কিন্তু রাত ১০টার দিকে বাড়িতে খবর আসে হোটেলে অগ্নিকাণ্ডে তিনি নিহত হয়েছেন।

প্রতিবেশী হাফিজুর রহমান হাফিজ জানান, ৭-৮ বছর আগে হজ করে এসে সাজু জানান, তিনি বিয়ে করবেন না। সেভাবেই চলছিলেন। তিনি এলাকার ভালো মানুষ হিসেবে পরিচিত। এক বছর আগে তার মা মারা গেছেন। বাবাও বেঁচে নেই। বাড়ির অন্য স্বজনরা সকলেই কান্নাকাটি করছেন। চার ভাইয়ের মধ্যে সাজু সবার ছোট। মেজো ভাই রাজু সরদারও মারা গেছেন। বর্তমানে বড় ভাই সাহেব সরদার ও সেজো ভাই উজ্জ্বল সরদার জীবিত আছেন।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখা থেকে জানানো হয়, ঘটনাটি জানার পর বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, মঙ্গলবার রাত ২টার দিকে হোটেলটিতে অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ৭ বাংলাদেশির মৃত্যু হয়েছে। তবে হোটেলটিতে ২৫ জন বাংলাদেশি ছিলেন বলে জানা গেছে। নিহত বাংলাদেশিদের মধ্যে কুষ্টিয়ার একই পরিবারের চার সদস্য রয়েছেন।

ঠিকানা/এনআই
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]