​হলফনামায় তথ্য গোপনের অভিযোগ

নোয়াখালী-৬ আসনে হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট

প্রকাশ : ১৯ অগাস্ট ২০২৬, ১২:৫৭ , অনলাইন ভার্সন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হলফনামায় তথ্য গোপন ও জালিয়াতির অভিযোগে নোয়াখালী-৬ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন স্থানীয় এক ভোটার।

হাতিয়ার বাসিন্দা নাজমুল হোসেন বুধবার (১৯ আগস্ট) রিটটি দায়ের করেন বলে জানিয়েছেন তার আইনজীবী এ বি এম ইব্রাহিম খলিল।

রিট আবেদনটি বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় রয়েছে।

এ বি এম ইব্রাহিম খলিল বলেন, ‘‘তিনি (আবদুল হান্নান মাসউদ) হলফনামা সম্পর্কে অবগত না হয়ে সই করে তা দাখিল করেছেন। এটা তিনি নিজেই স্বীকার করেছেন। এটা একটি জালিয়াতি। এ জালিয়াতির বিষয়ে আমরা উচ্চ আদালতে এসেছি।’’

রিটে হান্নান মাসউদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করাসহ প্রয়োজনীয় পদক্ষেপ ও তাৎক্ষণিক উদ্যোগ নিতে আইন মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আবদুল হান্নান মাসউদ শাপলা কলি প্রতীকে ৯১ হাজার ৮৯৯ ভোট পেয়ে নির্বাচিত হন।

এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মোহাম্মদ মাহবুবের রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছিলেন ৬৪ হাজার ২১ ভোট।

ঠিকানা/এসআর
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]