বিশেষ সাক্ষাৎকারে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ

আদর্শিক নয়, নির্বাচনী জোট করেছে এনসিপি

প্রকাশ : ১৭ অগাস্ট ২০২৬, ০২:৩২ , অনলাইন ভার্সন
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোনো আদর্শিক জোটে যায়নি। ১১ দলীয় যে জোট, সেটা মূলত নির্বাচনী ঐক্য। তাই নারী অধিকার প্রশ্নে জোটের অন্য কোনো দলের যে অবস্থান সেটাই এনসিপির অবস্থান হবে, বিষয়টি এমন নয়। এসব কথা বলেছেন দলটির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

রোববার (১৬ আগস্ট) ঠিকানা টিভির বিশেষ সাক্ষাৎকারে জুলাই আন্দোলনের অন্যতম এই ছাত্রনেতা আরও বলেন, ‘আমরা এনসিপি থেকে নারী-পুরুষ আলাদা করতে চাই না। প্রত্যেককেই নাগরিক হিসেবে দেখি। তাই নাগরিক হিসেবে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান- সবার জন্য সমানভাবে এগুলো নিশ্চিত করতে হবে।’

নারীর পোশাক-আশাক, চলন-বলন অন্য কেউ নিয়ন্ত্রণ করবে, এ বিষয়টির বিপক্ষে নিজের অবস্থানও তুলে ধরলেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তার ভাষ্যমতে, ‘একজন নারী নিজে যে পোশাকে স্বাচ্ছন্দ্যবোধ করবেন, তিনি সেটাই পরবেন। তার নিজের জন্য কোনটা শালীন, কোনটা সভ্য, সেটা নির্ধারণের স্বাধীনতা তারই থাকতে হবে। এনসিপি এটারই পক্ষে।’

রোববার রাজধানী ঢাকার কলাবাগানে এই সাক্ষাৎকার নেওয়া হয়, যা নিউইয়র্ক সময় সকাল ১১টায় (বাংলাদেশ সময় রাত ৯টা) সরাসরি সম্প্রচারিত হয় ঠিকানায় খালেদ মুহিউদ্দীন ইউটিউব চ্যানেলে। দেশ ও রাজনীতির সমসাময়িক নানা বিষয়ে ঠিকানা টিভির প্রধান সম্পাদক খালেদ মুহিউদ্দীনের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ।

বিগত দুই বছরে বারবার মাজারপন্থীদের আক্রমণ করেছে কথিত তৌহিদি জনতা। এমনকি আগাম ঘোষণা দিয়েও ভাঙা হয়েছে অসংখ্য মাজার। এসব ঘটনার বিরোধিতা করেছেন বলে জানালেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, যার পছন্দ হবে তিনি মাজারে যাবেন। যার পছন্দ হবে না তিনি যাবেন না। কিন্তু মাজার আক্রমণ করা, একজনের পছন্দ নিয়ন্ত্রণের চেষ্টা, এ অধিকার কারও নেই, মনে করেন তিনি।

সম্প্রতি একটি পডকাস্টে এনসিপি নেতা সারজিস আলম বলেছেন, অন্তর্বর্তী সরকার গঠনের সময় উপদেষ্টা হিসেবে প্রস্তাবিত তালিকায় তার নাম ছিল। কিন্তু তার অতীত ‘ছাত্রলীগ’ পরিচয় সামনে এনে তাকে বাদ দেওয়া হয়। সেই তালিকায় নাম ছিল হাসনাত আব্দুল্লাহরও। সে ক্ষেত্রে তিনি কেন ড. ইউনূস সরকারের উপদেষ্টা ছিলেন না? এমন প্রশ্নে ঠিকানাকে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেন, বাদ দেওয়া না দেওয়ার আলাপই আসলে ঠিক নয়। তখন যাদের সামগ্রিক ব্যবস্থাপনায় প্রয়োজন মনে করা হয়েছিল, তাদের উপদেষ্টা করা হয়েছিল। এটাকে কোনো সমস্যা বা সুবিধা-অসুবিধা হিসেবে বিবেচনা করা ঠিক হবে না, মন্তব্য করেন তিনি।

ঠিকানা/এনআই
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]