ছাত্রদল নেতাকে থাপ্পড় মারা সেই ইউএনওকে প্রত্যাহার

প্রকাশ : ১৪ অগাস্ট ২০২৬, ০৩:০১ , অনলাইন ভার্সন
ময়মনসিংহের ত্রিশালে বালুরঘাটে সারোয়ার জাহান ওরফে বাচ্চু নামের এক ছাত্রদল নেতাকে মারধরের ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকীকে প্রত্যাহার করা হয়েছে। এদিকে স্থানীয় সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান লিটনের মধ্যস্থতায় মারধরের ঘটনায় ইউএনও তার ভুল স্বীকার করে ‘সরি’ বলেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ড. গোলাম মোরশেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বৃহস্পতিবার ত্রিশাল পৌর শহরের টিএমসি হাসপাতালে স্থানীয় সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান লিটনের উপস্থিতিতে বিষয়টি সুরাহা করা হয়। এতে ইউএনও আরাফাত সিদ্দিকীসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এ সময় ইউএনও আরাফাত সিদ্দিকী নিজের ভুল স্বীকার করে ‘সরি’ বলেন।

এর আগে বুধবার বেলা ২টার দিকে উপজেলার কাঁঠাল ইউনিয়নের কালীরবাজারের কুলুরবাড়ি এলাকায় ছাত্রদল নেতাকে মারধর করার ঘটনা ঘটে।

এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীর সঙ্গে আনসার ও র‍্যাবের সদস্যরা ওই বালু বিক্রির পয়েন্টে যান। ইউএনও ইজারার কাগজপত্র দেখতে চান। এ সময় সেখানে থাকা ঠিকাদারের ব্যবস্থাপক ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি সারোয়ার জাহান ওরফে বাচ্চু অভিযানে আসা ব্যক্তিদের পরিচয় জানতে চান। তখন আরাফাত সিদ্দিকী নিজের পরিচয় দিয়ে বলেন, তিনি ত্রিশালের ইউএনও এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন।

কথাবার্তার একপর্যায়ে ইউএনও সারোয়ার জাহানকে পরপর দুটি থাপ্পড় দেন। তখন র‍্যাবের এক সদস্য সারোয়ারকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ইউএনও ওই সদস্যের হাত থেকে একটি লাঠি নিয়ে তাকে চারবার আঘাত করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুর রহমান ইউএনওকে থামানোর চেষ্টা করেন।

সদর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও ওই ঘাটের পরিচালক শাহরিয়ার আহমেদ সেলিম বলেন, বিকেলে পৌর শহরের টিএমসি হাসপাতালে সংসদ সদস্যের উপস্থিতিতে বিষয়টি সুরাহা করা হয়। ইউএনও নিজের ভুল স্বীকার করে সরি বলেন।

এ বিষয়ে ইউএনও আরাফাত সিদ্দিকী বলেন, ‘কাজে গিয়ে যা হয়েছিল, তার জন্য দুঃখ প্রকাশ করেছি। তা নিয়ে পরে যেন কোনো ঘটনার সৃষ্টি না হয়, সে জন্য সংসদ সদস্যের উপস্থিতিতে বিষয়টি সমাধান হয়।’

ইউএনও আরও বলেন, ‘আমাকে মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে—এমন একটি আদেশ পেয়েছি।’

ঠিকানা/এনআই
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]