​নিউইয়র্কে শামীম ওসমান

বাংলাদেশে ‘ইউনূস’ নামটি গালিতে পরিণত হয়েছে

প্রকাশ : ১৩ অগাস্ট ২০২৬, ১০:২৪ , অনলাইন ভার্সন
“তারেক রহমান বলছেন, ‘আই হ্যাভ এ প্ল্যান’। কিন্তু নেতাদের শুধু প্ল্যান থাকলেই হবে না, নেতাদের থাকতে হবে ড্রিম। নেতারা জাতিকে স্বপ্ন দেখান এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করেন।” নিউইয়র্কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান।
তিনি আরো বলেন, শেখ হাসিনার সরকার বাংলাদেশকে ডিজিটাল করেছে। অথচ সেই প্রযুক্তিকেই কাজে লাগিয়ে মিথ্যাচার করা হচ্ছে এবং বাংলাদেশকে বিশ্বের সামনে একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে তুলে ধরার অপচেষ্টা চলছে।
শামীম ওসমান অভিযোগ করেন, ড. মুহাম্মদ ইউনূসের মূল এজেন্ডা ছিল বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দেয়া। 
তার ভাষ্য, ‘‘তা না হলে দেশে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে শক্তিশালী হতো না। তার সময়েই বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি টাকা পাচার হয়েছে, লুটপাট ও দুর্নীতি হয়েছে। আজ বাংলাদেশে ‘ইউনূস’ নামটি গালিতে পরিণত হয়েছে।”
তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষের সামনে এখন তিনটি সরকারের শাসনব্যবস্থার তুলনামূলক মূল্যায়ন করার সুযোগ তৈরি হয়েছে। 
তার দাবি, দেশের সাধারণ মানুষ বুঝতে পেরেছেন যে, শেখ হাসিনা তথা আওয়ামী লীগ সরকার ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। এ কারণেই মানুষ এখন বলছেন, ‘আগেই ভালো ছিলাম’।
গত ৮ আগস্ট সন্ধ্যায় নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ওজনপার্কের লাবণ্য রেস্টুরেন্টে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমান। সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. মাসুদুল হাসান, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, সাংবাদিক শাবান মাহমুদ, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম, উপদেষ্টা নুরুল আফসার সেন্টু, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এমদাদ ভূঁইয়া রাজু, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল এবং শামসুল আরেফিন।
অনুষ্ঠানের শুরুতে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মঈনুদ্দীন আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডা. গিয়াস আহমেদ, কেন্দ্রীয় যুবলীগের সদস্য নুরুল করিম জুয়েল, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক হৃদয় মিয়া, কানেকটিকাট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম উদ্দিন আলমগীর, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ইলিয়াস আখঞ্জী, যুগ্ম-সাধারণ সম্পাদক দুলাল বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ, প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান, ব্রঙ্কস আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুহিত, সাধারণ সম্পাদক মোশাহিদ চৌধুরী এবং ব্রুকলিন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে নিউইয়র্কের বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]