ফুটপাতে দোকান বসানো নিয়ে দ্বন্দ্ব

নিউমার্কেট এলাকায় ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত অন্তত ২৫

প্রকাশ : ১২ অগাস্ট ২০২৬, ০১:৩৮ , অনলাইন ভার্সন
রাজধানীর নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে ঢাকা কলেজ ছাত্রদল এবং নিউমার্কেট থানা যুবদলের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের প্রায় ২৫ জনের মতো আহতের খবর পাওয়া গেছে। আহতরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এবং ধানমন্ডি পপুলার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। মঙ্গলবার (১১ আগস্ট) রাত ৮টার পর নিউমার্কেটের বলাকা সিনেমা হলের সামনে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী এবং আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, নিউমার্কেটের বলাকা সিনেমা হলের সামনের ফুটপাতে কিছু দোকান বসিয়েছিল নিউমার্কেট থানা যুবদল। কিন্তু সেই দোকান সরিয়ে ঢাকা কলেজ ছাত্রদলের কিছু নেতা সেখানে দোকান বসাতে চান। মঙ্গলবার রাতে ঢাকা কলেজ ছাত্রদলের কিছু নেতাকর্মী বলাকা সিনেমা হলের সামনের দোকানগুলো উঠিয়ে দিতে আসেন। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে ঢাকা কলেজ ছাত্রদলের প্রায় ১৫ নেতাকর্মী এবং নিউমার্কেট থানা যুবদলের ১০ জনের অধিক নেতাকর্মী আহত হন। পরে ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা সায়েন্সল্যাবের বসুন্ধরা গলিতে থাকা নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব এ কে এম চঞ্চলের অফিস কক্ষে ভাঙচুর চালান।

ঘটনার বিষয়ে জানতে চাইলে নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব এ কে এম চঞ্চল বলেন, যুবদলের কিছু নেতাকর্মী ফুটপাতে ব্যবসা করেন। আওয়ামী লীগ চলে যাওয়ার পর তারা নিজেরাই দোকান চালান। আজ ছাত্র নামধারী ঢাকা কলেজ ছাত্রদলের কিছু পোলাপান, সাবেক ছাত্র এরা দোকানে হামলা চালায়। পরে তারা আমার অফিসে এসে ভাঙচুর করে, লুটপাট করে।

তিনি বলেন, আমার নিজের কোন দোকান নেই। কেউ প্রমান দিতে পারবে না।

ঘটনার বিষয়ে জানতে চাইলে ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মিল্লাদ হোসেন বলেন, আমি ঢাকার বাইরে। ঘটনার বিষয়ে জানি না। আপনি আমার আহ্বায়ককে কল দেন।

ঠিকানা/এএস
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]