​ঠিকানায় খালেদ মুহিউদ্দীন টকশো

প্রতিমন্ত্রীর বংশ ও ছেলেদের নামে ইউনিয়নের নামকরণ ‘অগ্রহণযোগ্য’

প্রকাশ : ১৭ জুন ২০২৬, ১০:৪৩ , অনলাইন ভার্সন
বগুড়ায় নবগঠিত তিনটি ইউনিয়নের নামকরণে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বংশ ও দুই সন্তানের নাম  ব্যবহার করা হয়েছে। দায়িত্বশীল জায়গায় থেকে এই ধরনের প্রবণতা দেখানোর যে চর্চা, তা অগ্রহণযোগ্য বলে মনে করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। 
ঠিকানায় খালেদ মুহিউদ্দীন টকশোতে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাম কিছু প্রতিষ্ঠানে ফিরিয়ে আনার প্রস্তাব করা হয়েছিল। কিন্তু বাবা-মায়ের নামকরণ সম্পর্কিত সব প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সবারই এমন অবস্থান নেয়া উচিত বলে মনে করেন তিনি।
গত ১৬ জুন এই টকশোতে অতিথি হিসেবে আরো ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। নিউইয়র্ক সময় বেলা ১২টায় (বাংলাদেশ সময় রাত ১০টা) যা সরাসরি সম্প্রচারিত হয় ঠিকানায় খালেদ মুহিউদ্দীন ইউটিউব চ্যানেলে। 
দেশের সরকার ও রাজনীতির সমসাময়িক নানা বিষয়ে কথা বলেন দুই অতিথি।
তিন ইউনিয়নের নামকরণের বিষয়টি গত ১৫ জুন জাতীয় সংসদেও সমালোচনার মুখে পড়েছে। সেখানেই আবার প্রতিমন্ত্রীর দাবি, নামকরণের মিল ‘কাকতালীয়’। 
এ প্রসঙ্গে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা নাছির উদ্দীন নাছির বলেন, ‘বগুড়ায় ইউনিয়নগুলোর নামকরণ কাকতালীয়ভাবে হয়েছে, নাকি প্রতিমন্ত্রীর ব্যক্তিগত আগ্রহে হয়েছে, তা একটা সময় অবশ্যই জানা যাবে।’
এনসিপি নেতা সারজিস আলম অবশ্য দাবি করছেন, ‘এটা স্পষ্ট যে কাকতালীয়ভাবে হয়নি।’ 
জোট রাজনীতির প্রসঙ্গ সামনে এনে তিনি একই টকশোতে বলেন, বিগত জাতীয় নির্বাচনে এনসিপি যে বিএনপির জোটে যায়নি, তার একটি কারণ ছিল বিএনপির বেশকিছু নেতাকর্মীর অপকর্ম, চাঁদাবাজি, দখলবাজি। যা দলটির প্রতি মানুষের এক ধরনের ক্ষোভ তৈরি করে চলেছে। 
চব্বিশের আগস্ট থেকেই এসব অভিযোগের কারণে বিএনপির জনপ্রিয়তা ক্রমশ কমছে- মনে করেন তিনি।
তবে মাত্র চার মাস সরকারে আসা একটি দলের জনপ্রিয়তার মাত্রা এখনি বিবেচনার করা যাবে না, বলছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। 
তিনি বলেন, তৃতীয় বিশ্বে রাষ্ট্র পরিচালনায় আলোচনা-সমালোচনা থাকবেই। তবু মাত্র চার মাসে সরকারের জনপ্রিয়তা কমেছে, এটা বলার সময় এখনো আসেনি। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সদিচ্ছা কিন্তু দৃশ্যমান। সেই জায়গা থেকে তারা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের মতো সেবাগুলো বড় মাত্রায় করছে, এটাও দেখতে হবে মন্তব্য করেন তিনি।
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]